সারা বাংলাদেশ আজ কাঁদছে: ধর্ম উপদেষ্টা। শহীদ হাদির শেষ বিদায়ে আজহারীর আবেগঘন পোস্ট

সেখ রাসেল, দপ্তর সম্পাদক: জুলাই গণ অভ্যুত্থানের সম্মুখভাগের যোদ্ধা এবং ইনকিলাব মঞ্চের মুখপাত্র শহীদ শরীফ ওসমান হাদির নামাজে জানাজায় অংশ নিতে এসে ধর্ম উপদেষ্টা ড. আ ফ ম খালিদ হোসেন বলেছেন, সারা বাংলাদেশ আজ কাঁদছে।
শনিবার দুপুরে জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় জানাজার অনুষ্ঠানে উপদেষ্টা এসব কথা বলেন। তিনি বলেন, ওসমান হাদি শাহাদাৎ বরণ করেছেন। আমরা আল্লাহর কাছে দোয়া করি, আল্লাহ তাকে যেন শাহাদাতের মর্যাদা দান করেন। তার জীবনের ত্রুটি-বিচ্যুতি যেন আল্লাহতায়ালা মাফ করেন। আল্লাহ তার করবরকে জান্নাতের টুকরো বানিয়ে দেন।

‘তিনি যে স্বপ্ন দেখেছিলেন আদিপত্যবাদ বিরোধী একটা ইনসাফভিত্তিক সমাজ প্রতিষ্ঠা করা, সে স্বপ্নের পূর্ণতা দেওয়ার জন্য দেশবাসীকে আপনি তৌফিক দান করুন। সারা বাংলাদেশ আজ কাঁদছে।’ উপদেষ্টা আরও বলেন, ধর্ম মন্ত্রণালয়ের নির্দেশনায় বাংলাদেশের গ্রামে-গঞ্জে, শহরে-বন্দরে সব মসজিদে আমাদের ভাই হাদির দোয়া ও জিকির-আজগার সম্পন্ন করা হয়েছে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদ কমপ্লেক্সে থাকা জাতীয় ও বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলামের কবরের পাশে দাফন করা হয়েছে ইনকিলাব মঞ্চের আহ্বায়ক ও জুলাই বিপ্লবী শহীদ শরীফ ওসমান হাদিকে। আজ শনিবার (২০ ডিসেম্বর) বেলা সাড়ে ৩টার দিকে দাফনের আগে হাদিকে শেষবারের মতো বিদায় জানানো হয়।

শহীদ হাদিকে দ্রোহের প্রতীক বলে সম্বোধন করেছেন জনপ্রিয় ইসলামী আলোচক মাওলানা মিজানুর রহমান আজহারী। নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে মিজানুর রহমান আজহারী লিখেছেন, দ্রোহের প্রতীক— শহীদ ওসমান হাদির রাজকীয় বিদায়। ধূমকেতুর মতো এলেন। ন্যায় ও ইনসাফের বলিষ্ঠ কণ্ঠ হিসেবে গোটা জনপদে বিপ্লবের দাবানল ছড়িয়ে হঠাৎ রবের সান্নিধ্যে চলে গেলেন। নিশ্চয়ই আসমানে আমার ভাইকে এর চাইতেও বড় রাজকীয় অভ্যর্থনা জানানোর আয়োজন চলছে। তিনি আরও লিখেছেন, জুমার নামাজের পরপরই গুলিবিদ্ধ, আবার পরের জুমার রাতেই শাহাদাত বরণ! পেয়েছেন কোটি মানুষের কান্না মিশ্রিত দুআ। সুবহানাল্লাহ! এ এক পরম সৌভাগ্য! সবশেষে জনপ্রিয় এই ইসলামিক আলোচক লিখেছেন, হাদির মতো এমন দেশপ্রেমিক, আধিপত্যবাদবিরোধী ও ধর্মীয় মূল্যবোধ সম্পন্ন তরুণরা-ই আগামীর বাংলাদেশ। শহীদের রক্ত কখনো বৃথা যায় না। ইনশাআল্লাহ ওসমান হাদি বেঁচে থাকবেন সহস্র মুক্তিকামী মানুষের ভালোবাসায়। অনুপ্রেরণা জোগাবেন প্রজন্ম হতে প্রজন্ম। সাহসের বাতিঘর হয়ে থাকবেন অগণন মানুষের হৃদয়ে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *