সন্ধ্যায় দেশে পৌঁছবে ওসমান হাদির লাশ, জানাজা শনিবার

সেখ রাসেল, দপ্তর সম্পাদক: জুলাই গণঅভ্যুত্থানের সম্মুখভাগের অকুতোভয় যোদ্ধা ও ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদির লাশ আজ (শুক্রবার) সন্ধ্যায় সিঙ্গাপুর থেকে দেশে আনা হবে।
ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শরিফ ওসমান হাদির মৃত্যুতে সারারাত দেশের বিভিন্ন স্থানে বিক্ষোভে ফেটে পড়েন বিক্ষুব্ধ জনতা। তারই ধারাবাহিকতায় শুক্রবার সকালেও ঢাকার শাহবাগে বিক্ষোভ করছেন তারা। আজ সকাল ১০টার দিকে সেখানে বিক্ষোভকারীদের দেখা যায়। তবে তারা কোনো দল বা প্ল্যাটফর্মের ব্যানারে ছিলেন না। তারা চারদিকের সড়কে ব্যারিকেড দিয়ে খণ্ড খণ্ড বিক্ষোভ মিছিল করছেন। তবে হাসপাতালের কয়েকটি অ্যাম্বুলেন্স পাশ দিয়ে যেতে দেয়া হচ্ছে। বিক্ষোভকারীদের ‘তুমি কে আমি কে, হাদি হাদি’, ‘এই মুহূর্তে দরকার/বিপ্লবী সরকার’- এসব স্লোগান দিতে শোনা গেছে। এ সময় আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা বাংলাদেশ মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের সামনে উপস্থিত ছিলেন। এনসিপির স্বাস্থ্য সেলের প্রধান ও হাদির চিকিৎসায় নিয়োজিত থাকা ডা: আব্দুল আহাদ সাংবাদিকদের বিষয়টি নিশ্চিত করেন। তিনি বলেন, ‘ওসমান হাদির লাশ শুক্রবার (১৯ ডিসেম্বর) বাংলাদেশ বিমানের একটি বাণিজ্যিক ফ্লাইট স্থানীয় সময় বিকেল ৩টা ৫০ মিনিটে সিঙ্গাপুর থেকে রওয়ানা হয়ে সম্ভাব্য সময় সন্ধ্যা ৬টা ৫ মিনিটে ঢাকায় অবতরণ করবে।’ এর আগে সকাল ১০টায় সিঙ্গাপুরের ঐতিহাসিক দ্য আঙ্গুলিয়া মসজিদে শহীদ ওসমান হাদির প্রথম জানাজা অনুষ্ঠিত হবে। বাংলাদেশে তার দ্বিতীয় জানাজা শনিবার (২০ ডিসেম্বর) বাদ জোহর রাজধানীর মানিক মিয়া অ্যাভিনিউতে অনুষ্ঠিত হবে। ইনকিলাব মঞ্চের পক্ষ থেকে দেশবাসীকে এই জানাজায় শরিক হওয়ার আহ্বান জানানো হয়েছে। গতকাল বাংলাদেশ সময় রাত ৯টা ৪৫মিনিটে সিঙ্গাপুর জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেন ইনকিলাব মঞ্চের মুখপাত্র ওসমান হাদি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *