চাঁদপুরে নেশাজাতীয় ইনজেকশনের অপব্যবহার রোধে সচেতনতামূলক সভা অনুষ্ঠিত
মোঃ জাবেদ হোসেনঃচাঁদপুরে নেশাজাতীয় ইনজেকশনের অপব্যবহার রোধ এবং চিকিৎসাক্ষেত্রে এসব ওষুধের সঠিক ব্যবহার নিশ্চিত করতে সচেতনতামূলক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উদ্যোগে জেলার লাইসেন্সভুক্ত বেসরকারি হাসপাতালসমূহে ব্যবহৃত প্যাথেডিন, মরফিন ও ন্যালবুফাইন ইনজেকশনের প্রয়োজনীয় ব্যবহার ও অপব্যবহার প্রতিরোধে করণীয় বিষয়ে এ সভার আয়োজন করা হয়।
শুক্রবার (১২ ডিসেম্বর) জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের কার্যালয়ের হলরুমে আয়োজিত সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের পরিচালক (প্রশাসন, অর্থ ও পরিকল্পনা এবং চিকিৎসা ও পুনর্বাসন) মো. আবুল কালাম আজাদ।
জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সহকারী পরিচালক মো. মিজানুর রহমান-এর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বেসরকারি হাসপাতাল মালিক সমিতির সভাপতি ডা. মোবারক হোসেন চৌধুরী ও সাধারণ সম্পাদক জি. এম. শাহীন। এছাড়াও বিভিন্ন বেসরকারি হাসপাতালের মালিক, চিকিৎসক, সংশ্লিষ্ট কর্মকর্তা ও আমন্ত্রিত অতিথিবৃন্দ সভায় অংশগ্রহণ করেন।
আলোচনায় বক্তারা বলেন, প্যাথেডিন, মরফিন ও ন্যালবুফাইন মতো শক্তিশালী ইনজেকশনগুলো চিকিৎসাক্ষেত্রে অত্যন্ত গুরুত্বপূর্ণ হলেও এগুলোর অপব্যবহার সমাজের জন্য মারাত্মক ক্ষতির কারণ হতে পারে। তাই রোগীর প্রকৃত প্রয়োজন অনুযায়ী শুধুমাত্র চিকিৎসকের পরামর্শে ও যথাযথ নিয়ম মেনে এসব ওষুধ প্রয়োগ করতে হবে। পাশাপাশি কঠোর তদারকি, সঠিক সংরক্ষণ ও হিসাব ব্যবস্থাপনার মাধ্যমে অপব্যবহার অনেকাংশে কমানো সম্ভব বলে তারা মত দেন।
সভা শেষে প্রধান অতিথি মো. আবুল কালাম আজাদ-কে জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরসহ বিভিন্ন দপ্তরের পক্ষ থেকে সম্মাননা স্মারক প্রদান করা হয়। এর আগে তিনি জেলা কার্যালয়ে পৌঁছালে সহকারী পরিচালক মো. মিজানুর রহমানসহ অধিদপ্তরের কর্মকর্তারা ফুল দিয়ে তাকে আন্তরিকভাবে বরণ করে নেন।

