ঝিনাইদহে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভায় নবাগত এসপি মাহফুজ আফজাল আইনের শাসন প্রতিষ্ঠায় বদলি হলেও পিছু হটব না

সাইফুল ইসলাম ঝিনাইদহ সংবাদদাতা- সবার প্রতি সমান অধিকার নিশ্চিত করা এবং আইনের শাসন প্রতিষ্ঠা করতে গিয়ে যদি বদলির শিকারও হই, তবুও নিরপেক্ষতার জায়গা থেকে এক বিন্দু পিছপা হব না। এমন দৃঢ় অঙ্গীকার ব্যক্ত করেছেন ঝিনাইদহের নবাগত পুলিশ সুপার (এসপি) মাহফুজ আফজাল। তিনি বলেন, ঝিনাইদহকে একটি নিরাপদ, মাদকমুক্ত ও কিশোর গ্যাংমুক্ত জেলা হিসেবে গড়ে তুলতে পুলিশের পাশাপাশি সাংবাদিকসহ সবার সম্মিলিত প্রচেষ্টাই হবে সবচেয়ে বড় শক্তি।

সোমবার দুপুরে পুলিশ সুপারের কার্যালয়ের সম্মেলন কক্ষে স্থানীয় সাংবাদিকদের সঙ্গে সৌজন্যমূলক মতবিনিময় সভায় তিনি এ প্রতিজ্ঞা ব্যক্ত করেন। সভায় প্রধান বক্তা হিসেবে এসপি মাহফুজ আফজাল তাঁর ভবিষ্যৎ কর্মপরিকল্পনা তুলে ধরেন।
তিনি বলেন, পুলিশ জনগণের বন্ধু— এ স্লোগানকে বাস্তবায়নই হবে আমার প্রধান লক্ষ্য।

সাধারণ মানুষ যেন কোনোভাবেই আইনি সেবা নিতে গিয়ে হয়রানির শিকার না হন— পুলিশ সদস্যরা সে বিষয়ে সর্বোচ্চ সতর্ক থাকবে বলেও তিনি আশ্বস্ত করেন।
মাদক নির্মূলে জিরো টলারেন্স নীতির ঘোষণা দিয়ে তিনি বলেন, মাদক তরুণ সমাজকে ধ্বংস করছে। মাদক ব্যবসায়ীদের কোনো ছাড় দেওয়া হবে না। কিশোর অপরাধও কঠোরভাবে দমন করা হবে।
তিনি আরও জানান, সবার সমন্বিত প্রচেষ্টায় ঝিনাইদহকে একটি শান্তিপূর্ণ ও নিরাপদ জনপদ হিসেবে নতুন আঙ্গিকে গড়ে তোলাই তাঁর লক্ষ্য।
সাংবাদিকদের উদ্দেশে এসপি বলেন, আপনারা সমাজের দর্পণ। বস্তুনিষ্ঠ সংবাদ এবং গঠনমূলক সমালোচনার মাধ্যমে আমাদের ভুলগুলোর দিক নির্দেশনা দিলে আমরা দ্রুত সংশোধন করতে পারব।
মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) ইমরান জাকারিয়া এবং সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মাহফুজুর রহমান।

সাংবাদিকদের মধ্যে বক্তব্য রাখেন ঝিনাইদহ জেলা রিপোর্টার্স ইউনিটির সভাপতি এম এ কবির, ঝিনাইদহ প্রেসক্লাবের সভাপতি আসিফ কাজল, দৈনিক ইত্তেফাকের জেলা প্রতিনিধি বিমল সাহা, প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আমিনুল ইসলাম লিটন, এনটিভি ও দৈনিক যুগান্তরের প্রতিনিধি মিজানুর রহমান বাবুল, সাংবাদিক দেলোয়ার কবীর, আজিজুর রহমান সালাম, রাজিব হাসান, শাহরিয়ার রহমান রকি, এস এম রায়হান, সম্রাট হোসেন ও জাহিদুজ্জামান প্রমুখ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *