অগ্রণী ব্যাংকে শেখ হাসিনার দুই লকারে ৮৩২ ভরি স্বর্ণসহ মিলল বিদেশি উপহার
ডেস্ক রিপোর্ট: অগ্রণী ব্যাংকে ক্ষমতাচ্যুত শেখ হাসিনার দুটি লকারে ৮৩২ ভরি স্বর্ণের গয়না পাওয়া গেছে।
আদালতের অনুমতি নিয়ে মঙ্গলবার (২৫ নভেম্বর) দুপুরে একজন ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে লকার দুটি খোলা হয় ।
কর্মকর্তারা জানান, শেখ হাসিনার নামে ব্যাংকটির প্রধান শাখায় ৭৫১ এবং ৭৫৩ নম্বর লকার বরাদ্দ ছিল। সম্পদের তথ্য গোপন কোরে কর ফাঁকির অভিযোগে গত সেপ্টেম্বরে তা জব্দ করা হয়। বাংলাদেশ ব্যাংকের নিয়ম অনুযায়ী এবার এগুলো ভাঙা হয়েছে। লকার দুটিতে বিপুল পরিমাণ বিদেশি উপহার সামগ্রীও পাওয়া গেছে। এসব উপহার সরকারি তোষাখানায় জমা দেওয়ার কথা থাকলেও তা দেওয়া হয়নি। ২০২৪ সালের ৫ আগস্ট ছাত্র–জনতার অভ্যুত্থানে ক্ষমতাচ্যুত হয়ে ভারত চলে যান শেখ হাসিনা। এরই মধ্যে তার বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের মামলায় ফাঁসির রায় হয়েছে। জব্দ হয়েছে সম্পদও।
এ ছাড়া গত ১০ সেপ্টেম্বর পূবালী ব্যাংকে তাঁর একটি লকার জব্দ করা হয়। রাজধানীর মতিঝিলে সেনা কল্যাণ ভবনে অবস্থিত এই করপোরেট শাখায় তাঁর লকার নম্বর ১২৮। এর বাইরে পূবালী ব্যাংকের ওই শাখায় শেখ হাসিনার দুটি ব্যাংক হিসাবে ৫৬ লাখ টাকা পাওয়া যায়। এর মধ্যে একটি হিসাবে ১২ লাখ টাকা এফডিআর এবং অপর হিসাবে ৪৪ লাখ টাকা পাওয়া যায়। এসব হিসাবও জব্দ করে এনবিআর।
জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) সূত্রে এ তথ্য জানা গেছে। সূত্র জানায়, লকার খোলার সময় এনবিআরের কেন্দ্রীয় গোয়েন্দা সেলের (সিআইসি) পাশাপাশি দুর্নীতি দমন কমিশন (দুদক), বাংলাদেশ ব্যাংকসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন। সম্পদের তথ্য গোপন করে কর ফাঁকির অভিযোগে গত সেপ্টেম্বরে এনবিআরের সিআইসি লকার দু’টি জব্দ করেছিল।
গত ১৭ নভেম্বর মানবতাবিরোধী অপরাধের দায়ে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১ শেখ হাসিনা ও তার সরকারের স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালকে মৃত্যুদণ্ড দেয়। সেদিনের রায়ে দণ্ডপ্রাপ্ত দুই আসামির সমস্ত সম্পত্তি বাজেয়াপ্ত করার আদেশ দেয় ট্রাইব্যুনাল। একইসাথে আন্দোলনে শহীদ ও আহতদের পরিবারকে ক্ষতিপূরণ দেয়ার জন্যও আদালত নির্দেশনা দেয়। ফেরারি দুই আসামির সমস্ত সম্পত্তি ক্রোক ও বাজেয়াপ্ত করার জন্য জব্দকৃত লকার খোলা হচ্ছে বলে জানায় এনবিআর।

