মুন্সীগঞ্জে বিএনপির প্রতিপক্ষের গুলিতে একই দলের যুবক নিহত, স্বজনদের আহাজারি

মুন্সীগঞ্জ প্রতিনিধি: মুন্সীগঞ্জ সদর উপজেলার মোল্লাকান্দি ইউনিয়নে পূর্ব বিরোধের জেরে প্রতিপক্ষের গুলিতে তুহিন দেওয়ান (২২) নামে এক যুবক নিহত হয়েছেন। রোববার (২ নভেম্বর) রাত সাড়ে ৯টার দিকে ইউনিয়নের দক্ষিণ বেহেরকান্দি গ্রামে এ ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শী নিহতের চাচাতো ভাই আকাশ দেওয়ান জানান, রাতে তুহিন বাসা থেকে হাঁটতে বের হন। এ সময় মোল্লাকান্দি প্রাথমিক বিদ্যালয়ের সামনে পৌঁছালে প্রতিপক্ষ মোল্লাকান্দি ইউনিয়ন বিএনপির নেতা ওজির আলী ও আওলাদ গ্রুপের অনুসারী লিটন বেপারির নেতৃত্বে কয়েকজন দুর্বৃত্ত তার ওপর হামলা চালায়। তারা পেছন থেকে ককটেল বিস্ফোরণ ঘটিয়ে তুহিনকে লক্ষ্য করে গুলি করে। এতে তিনি গুলিবিদ্ধ হয়ে মাটিতে লুটিয়ে পড়েন। স্থানীয়রা গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে মুন্সীগঞ্জ জেনারেল হাসপাতালে নিয়ে গেলে দায়িত্বরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

স্বজনদের দাবি, নিহত তুহিন মোল্লাকান্দি ইউনিয়ন বিএনপির সভাপতি ওয়াহিদ মোল্লা ও বিএনপি নেতা আতিক মল্লিকের অনুসারী ছিলেন। স্থানীয় রাজনৈতিক আধিপত্যকে কেন্দ্র করে ওজির আলী ও আওলাদ গ্রুপের সাথে তাদের দীর্ঘদিনের বিরোধ চলে আসছিল। স্বজনরা কান্নাবিজরিত কন্ঠে বলেন, এটা কোন ধরণের রাজনীতি নিজ দলের লোক নিজ দলের লোককে হত্যা করছে।

মুন্সীগঞ্জ জেনারেল হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক প্রান্ত সর্দার জানান, হাসপাতালে আনার আগেই তুহিনের মৃত্যু হয়। তার পিঠে ও ঘাড়ে একাধিক গুলির চিহ্ন পাওয়া গেছে। এ বিষয়ে মুন্সীগঞ্জ অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) ফিরোজ কবির বলেন, ‘ঘটনার সঠিক কারণ এখনো জানা যায়নি। তদন্ত করে বিষয়টি পরিষ্কার হবে। এলাকায় উত্তেজনা বিরাজ করায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।’

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *