পিরোজপুরে ডিবি পুলিশের অভিযানে ইয়াবাসহ তিন মাদকসেবী আটকঃ ভ্রাম্যমান আদালতে কারাদণ্ড ও জরিমানা
স্টাফ রিপোর্টারঃ পিরোজপুরে জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশের বিশেষ অভিযানে ইয়াবাসেবনের অভিযোগে তিনজনকে আটক করে ভ্রাম্যমান আদালতের মাধ্যমে দণ্ড দেওয়া হয়েছে। বুধবার (২৯ অক্টোবর) বিকেলে পিরোজপুর সার্কিট হাউসের সামনে এ অভিযান পরিচালিত হয়।
আটককৃতর খামকাটা এলাকার মোঃ রাজ্জাক খানের পূত্র মোঃ শাজাহান খান (৪০), কালিবাড়ি রোডের মোঃ জিল্লুর রহমানের পুত্র মোঃ সাজ্জাদ হোসেন (৪১),ভাইজোড়া এলাকার মোঃ হারুন সিকদারের পুত্র মোঃ নাজমুল (৩৮)।
ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি), পিরোজপুর সদর এস. এম. আল আমীন।
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন ২০১৮ অনুসারে আদালত মোঃ শাজাহান খানকে ৬ মাসের বিনাশ্রম কারাদণ্ড ও ১ হাজার টাকা জরিমানা, এবং মোঃ সাজ্জাদ হোসেন ও মোঃ নাজমুলকে ৪ মাসের বিনাশ্রম কারাদণ্ড ও প্রতি জনকে ১ হাজার টাকা জরিমানা প্রদান করেন।
অভিযানে নেতৃত্ব দেন পিরোজপুর জেলা ডিবি’র এসআই আতিকুর রহমান ও তার টিম।
নির্বাহী ম্যাজিস্ট্রেট এস. এম. আল আমীন বলেন, “মাদক শুধু ব্যক্তিকে নয়, পুরো সমাজকে ধ্বংসের দিকে ঠেলে দেয়। মাদক নির্মূলে প্রশাসনের অভিযান নিয়মিতভাবে চলবে, কাউকেই ছাড় দেওয়া হবে না।”
পিরোজপুর জেলা ডিবি পুলিশের পক্ষ থেকে জানানো হয়— সমাজ থেকে মাদক নির্মূলে পুলিশ সুপার খান মোহাম্মদ আবু নাসেরের নির্দেশনায় অভিযান অব্যাহত আছে এবং এ কার্যক্রম আরও জোরদার করা হবে। সম্প্রতি পিরোজপুর শহর ও আশপাশের এলাকায় মাদকবিরোধী অভিযান বাড়ানো হয়েছে; স্থানীয়রা মনে করেন এভাবে মাদক ব্যবসায়ী ও সেবনকারীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা হলে সমাজ থেকে মাদকসংক্রান্ত ব্যাধি অনেকটাই কমবে।

