পিরোজপুরে কচা নদীতে সরকারি নিষেধাজ্ঞা অমান্য করে মা ইলিশ শিকার : উপজেলা প্রশাসনের অভিযানে জব্দ জাল পুড়িয়ে ধ্বংস
মোঃ মনিরুল ইসলাম চৌধুরী, স্টাফ রিপোর্টারঃ পিরোজপুরের ইন্দুরকানী উপজেলার কচা নদীতে সরকারি নিষেধাজ্ঞা অমান্য করে মা ইলিশ শিকারের অভিযোগে অভিযান পরিচালনা করেছে উপজেলা প্রশাসন ও মৎস্য বিভাগ। শনিবার (১১ অক্টোবর) সকালে পরিচালিত অভিযানে প্রায় এক হাজার মিটার ইলিশ ধরার জাল ও একটি বেহেন্দী জাল জব্দ করে আগুনে পুড়িয়ে ধ্বংস করা হয়।
অভিযানে নেতৃত্ব দেন উপজেলা মৎস্য কর্মকর্তা ফাহাদ রহমান। তিনি জানান, মা ইলিশ রক্ষায় চলমান ২২ দিনের বিশেষ অভিযানের অংশ হিসেবে এ অভিযান পরিচালিত হয়।
তিনি আরও বলেন, “মা ইলিশ রক্ষায় চলমান ২২ দিনের অবরোধ সফল করতে আমাদের অভিযান অব্যাহত থাকবে। কেউ যদি নিষেধাজ্ঞা অমান্য করে নদীতে মাছ শিকার করে, তার বিরুদ্ধে কঠোর আইনি ব্যবস্থা নেওয়া হবে।”
পরে জব্দকৃত জাল উপজেলা প্রশাসন মাঠে উপজেলা নির্বাহী অফিসারের উপস্থিতিতে, মেরিন ফিসারিজ অফিসার মোঃ আইনুল নিশাত এর তত্ত্বাবধানে এবং নৌ পুলিশের উপস্থিতিতে আগুনে পুড়িয়ে ধ্বংস করা হয়।
সরকারি নির্দেশনা অনুযায়ী, মা ইলিশ সংরক্ষণে ৪ অক্টোবর থেকে ২৫ অক্টোবর পর্যন্ত ২২ দিন দেশের সব নদ-নদীতে ইলিশ শিকার, পরিবহন, মজুদ ও বিক্রি সম্পূর্ণ নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে। এ সময়ে মা ইলিশ রক্ষায় প্রশাসন ও মৎস্য বিভাগ নিয়মিত অভিযান পরিচালনা করছে।
এদিকে, মা ইলিশ সংরক্ষণে চলমান এ বিশেষ অভিযানে সাধারণ জেলেদের সহযোগিতা কামনা করেছেন উপজেলা প্রশাসন ও মৎস্য বিভাগ।

