ঝিনাইদহে দুর্গাপূজা নিরাপত্তায় পুলিশের অভিনব উদ্যোগ ‘পূজা ডিরেক্টরি’ মোবাইল অ্যাপসের উদ্বোধন
সাইফুল ইসলাম, ঝিনাইদহ সংবাদদাতা- ঝিনাইদহে দুর্গাপূজা উপলক্ষে নিরাপত্তা জোরদারে পুলিশের অভিনব উদ্যোগ হিসেবে উদ্বোধন করা হয়েছে ‘পূজা ডিরেক্টরি’ মোবাইল অ্যাপ্লিকেশন। বুধবার (২৪ সেপ্টেম্বর) সকাল ১১টায় পুলিশ সুপারের সম্মেলন কক্ষে আনুষ্ঠানিকভাবে এ কার্যক্রমের উদ্বোধন করেন পুলিশ সুপার মনজুর মোরশেদ বিপিএম।
জানা গেছে, পূজা মণ্ডপগুলোতে নিরাপত্তা নিশ্চিতকরণ ও যেকোনো জরুরি পরিস্থিতি দ্রুত নিয়ন্ত্রণে আনতে এ অ্যাপস গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। অ্যাপসের মাধ্যমে সাধারণ মানুষ ও মণ্ডপ কমিটি সহজেই পুলিশের সঙ্গে যোগাযোগ করতে পারবেন। এছাড়া অ্যাপসটিতে ঝিনাইদহ জেলার বিভিন্ন স্থানের প্রশাসনের নাম্বার, প্রায় ৪৫৫টি পূজা মণ্ডপের সভাপতি ও সাধারণ সম্পাদকের নাম্বার এবং লোকেশনও অন্তর্ভুক্ত করা হয়েছে। ফলে প্রয়োজনীয় তথ্য এক ক্লিকেই পাওয়া যাবে।
অনুষ্ঠানে জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাদের পাশাপাশি প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিক, পূজা মণ্ডপ কমিটির সভাপতি ও সম্পাদকরা উপস্থিত ছিলেন। উদ্বোধনী অনুষ্ঠানে বক্তারা বলেন, এ উদ্যোগের মাধ্যমে আসন্ন দুর্গাপূজা আরও নির্বিঘ্ন ও নিরাপদভাবে সম্পন্ন হবে।

