মতিঝিলে দুই সাংবাদিকের ওপর সন্ত্রাসী হামলা
নিজস্ব প্রতিনিধি: রাজধানীর মতিঝিলে বাংলাদেশ ব্যাংকের পেছনে হামলার শিকার হয়েছেন দৈনিক কালবেলার সাংবাদিক ভূঁইয়া আনাস ও বেসরকারি টেলিভিশন ডিবিসি নিউজের রেদওয়ানুল হক। গতকাল শনিবার রাত সাড়ে ৮টার দিকে ১০-১৫ জন স্থানীয় সন্ত্রাসী তাদের ওপর হামলা করে বলে তারা জানান। হামলায় দুজনই আহত হয়েছেন। আহত আনাস জানান, তার বাসা ওই এলাকাতেই। প্রায়ই তারা বাংলাদেশ ব্যাংকের পেছনের গলিতে বসে চা পান করেন। শনিবার ডিবিসির এক সহকর্মীসহ সেখানে বসে ছিলেন। হঠাৎ একদল লোক এসে তাদের ওপর হামলা করে। কিল-ঘুষি মেরে তাদের আহত করে। কোনোক্রমে সেখান থেকে সরে এসে জাতীয় জরুরি সেবা নম্বর ৯৯৯-এ কল করা হলে পুলিশ ঘটনাস্থলে আসে। মতিঝিল থানার উপপরিদর্শক জাহাঙ্গীর বলেন, ঘটনাস্থলে এসে জড়িতদের কাউকে পাইনি। প্রত্যক্ষদর্শীদের জিজ্ঞাসাবাদ করে জড়িতদের ব্যাপারে খোঁজ নেওয়া হচ্ছে। তাদের আইনের আওতায় আনতে আমরা কাজ করছি।

