ভাত খাওয়া নিয়ে বিরোধ, বড় ভাইয়ের ছুরিকাঘাতে ছোট ভাই খুন
সাইফুল ইসলাম ঝিনাইদহ সংবাদদাতা –
ঝিনাইদহের মহেশপুরে ভাত খাওয়া নিয়ে তুচ্ছ পারিবারিক বিরোধের জেরে বড় ভাইয়ের ছুরিকাঘাতে ছোট ভাই নিহত হয়েছেন। সোমবার (২৮ জুলাই) বেলা সাড়ে ১১টার দিকে উপজেলার কাজিরবেড় ইউনিয়নের পলিয়ানপুর গ্রামে এই মর্মান্তিক ঘটনা ঘটে।
নিহতের নাম জামাল হোসেন (২১), তিনি মোজাম্মেল হোসেনের ছেলে। অভিযুক্ত বড় ভাই উজ্জল হোসেন পেশায় একজন ঝালমুড়ি, পেয়ারা ও আমড়া বিক্রেতা।
স্থানীয় ইউপি সদস্য হযরত আলী জানান, সকাল বেলায় খাবার সময় দুই ভাইয়ের মধ্যে ভাত খাওয়া নিয়ে তর্কবিতর্ক শুরু হয়। একপর্যায়ে উজ্জল ক্ষিপ্ত হয়ে জামালের বুকে ধারালো ছুরি দিয়ে আঘাত করে। গুরুতর আহত অবস্থায় তাকে দ্রুত ভৈরব বাজারের একটি ক্লিনিকে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
মহেশপুর থানার ওসি সাজ্জাদ হোসেন জানান, বড় ভাই উজ্জলের ছুরিকাঘাতে জামাল গুরুতর আহত হয় এবং পরে তার মৃত্যু হয়। উজ্জলের পেশাগত কারণে তার কাছে সবসময় একটি ধারালো ছুরি থাকতো, সেটিই হত্যাকাণ্ডে ব্যবহার করা হয়েছে।
ওসি আরও জানান, ঘটনার পরপরই উজ্জল পালিয়ে গেছে। তাকে আটকের জন্য অভিযান চলছে। নিহতের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঝিনাইদহ সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।
সাইফুল ইসলাম

