বাগেরহাটে সেনা অভিযানে দেশীয় অস্ত্র মাদকসহ আটক ৮ নেতৃত্বে ‘ভুয়া নেতা’ সুমন

এস.এম. সাইফুল ইসলাম কবির, বাগেরহাট :বাগেরহাট সদর উপজেলার রাহাতের মোড় এলাকায় সেনাবাহিনীর পরিচালিত এক অভিযানে দেশীয় অস্ত্র ও মাদকসহ আটজনকে আটক করা হয়েছে। সোমবার (২৮ জুলাই) ভোর সাড়ে ৪টার দিকে সেনাবাহিনীর একটি দল গোপন সংবাদের ভিত্তিতে এই অভিযান চালায়।
অভিযানকালে একটি বসতবাড়ি থেকে আটজনকে আটক করা হয়। তাদের কাছ থেকে ৫টি ইয়াবা ট্যাবলেট, ২ গ্রাম গাঁজা, ৫টি এক্সপেন্ডেবল ব্যাটন, ২টি চাইনিজ কুড়াল, ১টি ছুরি, ১টি রামদা, ২টি ককটেল, ৪টি ভুয়া পরিচয়পত্র, ৩টি খালি পিস্তলের গুলি, ১২টি মোবাইল ফোন এবং ৪টি লাইটার উদ্ধার করা হয়।
জানা গেছে, আটক ব্যক্তিরা দীর্ঘদিন ধরে এসকে সুমনের নেতৃত্বে নানা ধরনের অবৈধ কর্মকাণ্ড পরিচালনা করে আসছিলেন। গ্রেপ্তারদের মধ্যে রয়েছেন—সদরের বিষ্ণুপুর গ্রামের এসকে সুমন, কচুয়ার চন্দ্রপাড়া গ্রামের জাহিদুল ইসলাম, সদর উপজেলার হৃদয় মল্লিক, পিরোজপুরের রঘুনাথপুরের জাকারিয়া হোসেন, গোপালপুর গ্রামের মোহাম্মদ অভি, বিষ্ণুপুর গ্রামের শেখ মুফাসসিল হোসেন, বারইখালী গ্রামের সবুজ কুমার সাহা এবং মৃত আশরাফ আলীর মেয়ে রিক্তা আক্তার।
এসকে সুমন নিজেকে বাংলাদেশ শ্রমিক ফেডারেশনের বাগেরহাট জেলা শাখার সহ-সভাপতি হিসেবে পরিচয় দিয়ে বিভিন্ন অনৈতিক কর্মকাণ্ড চালাতেন বলে অভিযোগ রয়েছে। এ বিষয়ে জেলা শ্রমিক দলের সাবেক সভাপতি সরদার লিয়াকত আলী জানান, সুমন শ্রমিক সংগঠনের নাম ব্যবহার করে চাঁদাবাজিসহ নানা অপরাধে জড়িত ছিলেন, তবে তিনি দলটির সঙ্গে কোনোভাবেই যুক্ত নন।
আটককৃতদের প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে বাগেরহাট সদর থানায় হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে বলে জানিয়েছেন বাগেরহাট মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মাহামুদুল হাসান।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *