রেস্ট হাউস কাণ্ডে বিতর্কিত ওসি সাইফুল প্রত্যাহার, তদন্ত কমিটি গঠন
সাইফুল ইসলাম ঝিনাইদহ সংবাদদাতা –
যশোরের পানি উন্নয়ন বোর্ডের রেস্ট হাউসে ‘স্ত্রী পরিচয়ে’ এক নারীসহ অবস্থান ও ছাত্রদল নেতাদের হাতে হাতেনাতে ধরা পড়ার ঘটনায় ঝিনাইদহের মহেশপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল ইসলামকে প্রত্যাহার করেছে জেলা পুলিশ। ঘটনার পর গঠিত হয়েছে তিন সদস্যের তদন্ত কমিটি।
পুলিশ সূত্র জানায়, ৩০ জুন সন্ধ্যায় যশোর পাউবোর পুরাতন রেস্ট হাউসের ‘কপোতাক্ষ’ কক্ষে উঠেছিলেন ওসি সাইফুল। সিসিটিভি ফুটেজে দেখা যায়, সন্ধ্যা ৬টা ১০ মিনিটে তিনি এক নারীকে সঙ্গে নিয়ে রেস্ট হাউসে প্রবেশ করেন। কিছুক্ষণ পর ছাত্রদল নেতারা সেখানে উপস্থিত হয়ে দরজায় ধাক্কাধাক্কি শুরু করেন। একপর্যায়ে ওসি সাইফুল বেরিয়ে আসার চেষ্টা করলে তাঁকে আবার ভেতরে টেনে নিয়ে যান তারা। এ সময় চলে বাকবিতণ্ডা, ধস্তাধস্তি ও ভাঙচুর।
ঘটনার ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে ব্যাপক আলোচনা সৃষ্টি হয় এবং তাৎক্ষণিকভাবে ওসি সাইফুলকে প্রত্যাহার করা হয়।
রেস্ট হাউসের কেয়ারটেকার মিজানুর রহমান জানান, ওসি নিজেই স্ত্রী পরিচয়ে নারীসহ কক্ষ নেন। আর পাউবোর যশোর নির্বাহী প্রকৌশলী বলেন, ঝিনাইদহ পানি উন্নয়ন বোর্ডের চিঠির ভিত্তিতে কক্ষ বরাদ্দ দেওয়া হয়।
ওসি সাইফুল ইসলাম দাবি করেন, কোনো অনৈতিক কিছু ঘটেনি। তিনি ব্যক্তিগত কাজে যশোরে গিয়েছিলেন এবং ‘বন্ধুবান্ধবের সঙ্গে স্বাভাবিক সময় কাটাচ্ছিলেন’।
অন্যদিকে জেলা ছাত্রদলের যুগ্ম সম্পাদক গোলাম হাসান সনি বলেন, ‘অসামাজিক কর্মকাণ্ডের খবর পেয়ে’ তাঁরা সেখানে যান। যদিও নারীসহ উপস্থিত থাকার বিষয়টি সিসিটিভি ফুটেজে স্পষ্ট দেখা গেছে।
ঘটনার পর জেলাজুড়ে চলছে নানা আলোচনা-সমালোচনা।
পুলিশ সুপার মনজুর মোর্শেদ বলেন, ঘটনার পরপরই ওসিকে প্রত্যাহার করা হয়েছে এবং একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। তদন্তে দোষ প্রমাণিত হলে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

