নারায়ণগঞ্জে আওয়ামী লীগ-বিএনপি সংঘর্ষ, নারীসহ আহত ২০
নারায়ণগঞ্জে প্রতিনিধি:
নারায়ণগঞ্জে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও বিএনপির মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এ ঘটনায় নারীসহ অন্তত ২০ জন আহত হয়েছেন। এর মধ্যে শটগানের গুলি ও টেঁটাবিদ্ধ হয়ে বেশ কয়েকজন আহত হন।
শুক্রবার (২৭ নভেম্বর) বেলা ১১টা থেকে দুপুর পর্যন্ত ফতুল্লা উপজেলার বক্তাবলী ইউনিয়নের আকবরনগর সিপাহিবাড়ি ও উত্তর গোপালনগর এলাকায় দফায় দফায় চলে এ সংঘর্ষ।
স্থানীয় সূত্রে জানা গেছে, ইটভাটার নিয়ন্ত্রণ, মাটি ও শ্রমিক সরবরাহ এবং কমিশন বাণিজ্যকে কেন্দ্র করে সংঘর্ষটি হয়। বক্তাবলী ইউনিয়ন আওয়ামী লীগের অর্থবিষয়ক সম্পাদক হাজি সামাদ আলী ও ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক হালিম আজাদের মধ্যে এ নিয়ে বিরোধ চলছিল। বিশেষ করে ধলেশ্বরী নদীর পশ্চিম তীরের ইটভাটাগুলোকে কেন্দ্র করে মাটি সরবরাহ, ট্রলারে মাটি পরিবহন, শ্রমিক নিয়োগ এবং এসব কার্যক্রমের কমিশন বাণিজ্যের নিয়ন্ত্রণ নিয়ে দুপক্ষের মধ্যে বিরোধের সূত্রপাত হয়।
দীর্ঘদিন ধরে উভয় পক্ষের মধ্যে উত্তেজনা বিরাজ করছিল। এরই ধারাবাহিকতায় শুক্রবার সকালে দুপক্ষের লোকজন আগ্নেয়াস্ত্র ও দেশীয় ধারালো অস্ত্রশস্ত্রে সজ্জিত হয়ে সংঘর্ষে জড়িয়ে পড়েন। ঘণ্টাব্যাপী দফায় দফায় চলা এ সংঘর্ষে শটগানের গুলিবর্ষণ এবং টেঁটা নিয়ে হামলার ঘটনা ঘটে। এতে উভয় পক্ষের নারীসহ অন্তত ২০ জন আহত হন। সংঘর্ষের সময় সাধারণ পথচারীরাও আহত হয়েছেন বলে জানা গেছে।
পরে আহতদের উদ্ধার করে নারায়ণগঞ্জ শহরের বিভিন্ন বেসরকারি হাসপাতাল এবং নারায়ণগঞ্জ জেনারেল (ভিক্টোরিয়া) হাসপাতালে ভর্তি করা হয়। তাদের মধ্যে কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
খবর পেয়ে ফতুল্লা মডেল থানা পুলিশ ও জেলা পুলিশের একাধিক দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছায়। এ সময় পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ সাউন্ড গ্রেনেড, রাবার বুলেট ও কয়েক রাউন্ড ফাঁকা গুলি ছোড়ে। পরে এলাকায় অভিযান চালিয়ে বিভিন্ন স্থান থেকে শতাধিক টেঁটাসহ দেশীয় অস্ত্র উদ্ধার করে। এ ঘটনার সঙ্গে জড়িত সন্দেহে পাঁচজনকে আটক করে পুলিশ।
নারায়ণগঞ্জ জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (ক-সার্কেল) মো. শামীম হোসেন জানান, ইটভাটার দখল ও আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। ঘটনার বিষয়ে তদন্ত করে জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রাখতে এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন রয়েছে।
প্রসঙ্গত, একই এলাকায় আধিপত্য বিস্তার ও ইটভাটাকেন্দ্রিক বিরোধের জেরে গত ১০ অক্টোবর দুপক্ষের মধ্যে সংঘর্ষ হয়। ওই সংঘর্ষে অন্তত ১০ জন আহত হন।

