পিরোজপুরে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ উপলক্ষে বর্ণাঢ্য র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত
মোঃ মনিরুল ইসলাম চৌধুরী, পিরোজপুর:
‘রপ্তানিমুখী প্রাণিসম্পদে গড়বো দেশ, সবার আগে বাংলাদেশ’—এই প্রতিপাদ্যকে সামনে রেখে পিরোজপুরে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ-২০২৬ উপলক্ষে বর্ণাঢ্য র্যালি, উদ্বোধনী অনুষ্ঠান ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (২৬ নভেম্বর) সকালে পিরোজপুর জেলা প্রশাসন ও জেলা প্রাণিসম্পদ দপ্তরের যৌথ আয়োজনে জেলা প্রাণিসম্পদ দপ্তরের মাঠে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডাঃ তরুণ কুমার সিকদারের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পিরোজপুরের জেলা প্রশাসক মোঃ গোলাম রব্বানী।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোঃ মাহমুদুর রহমান মামুন, জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক সৌমিত্র সরকার, জেলা বিএনপির আহ্বায়ক মোঃ নজরুল ইসলাম খান, সদস্যসচিব এস এম সাইদুল ইসলাম কিসমত ও সিনিয়র সাংবাদিক মনিরুজ্জামান নাসিম আলী।
দেশের অর্থনৈতিক উন্নয়ন, কর্মসংস্থান সৃষ্টি, দারিদ্র্য বিমোচন এবং মানুষের আমিষের চাহিদা পূরণে প্রাণিসম্পদ খাতের গুরুত্ব অপরিসীম। এ খাতকে আরও সমৃদ্ধ ও রপ্তানিমুখী করতে আধুনিক প্রযুক্তির ব্যবহার, উন্নত জাতের পশুপালন, নিরাপদ মাংস, দুধ ও ডিম উৎপাদন এবং খামারিদের প্রয়োজনীয় প্রশিক্ষণ ও কারিগরি সহায়তা নিশ্চিত করা জরুরি।
পাশাপাশি প্রাণিসম্পদের রোগ প্রতিরোধ, মানসম্মত পশুখাদ্য সরবরাহ, ন্যায্যমূল্য নিশ্চিতকরণ এবং নতুন উদ্যোক্তা তৈরিতে সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানের সমন্বিত উদ্যোগ এ খাতের টেকসই উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে।
অনুষ্ঠানে জেলার বিভিন্ন এলাকার খামারি, পশুখাদ্য ব্যবসায়ী, সংশ্লিষ্ট ওষুধ কোম্পানির প্রতিনিধি, প্রাণিসম্পদ দপ্তরের কর্মকর্তা-কর্মচারী ও বিভিন্ন গণমাধ্যমের সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।

