জামালপুরে দুই ইটভাটায় অভিযান সাড়ে চার লাখ টাকা জরিমানা
লিয়াকত হোসাইন লায়ন,জামালপুর প্রতিনিধি ।
জামালপুরের ইসলামপুরে অবৈধভাবে ইটভাটা পরিচালনার দায়ে দুটি ইটভাটাকে সাড়ে ৪ লাখ টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।
বৃহস্পতিবার (২৬ নভেম্বর) ইসলামপুর পৌর এলাকার দক্ষিণ দরিয়াবাদ এই অভিযান পরিচালনা করা হয়।
উপজেলা নির্বাহী অফিসার ও বিজ্ঞ এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট শাহ্ মোঃ জুবায়ের মোবাইল কোর্ট পরিচালনা করেন।
অভিযানে মেসার্স জেকি ব্রিকস-২ কে ২ লাখ ৫০ হাজার টাকা এবং একই এলাকার মেসার্স হাসেমী ব্রিকস (মেসার্স মা ব্রিকস) কে ২ লাখ টাকা জরিমানা করা হয়।
মোবাইল কোর্ট পরিচালনাকালে পুলিশ, ফায়ার সার্ভিস ও পরিবেশ অধিদপ্তরের প্রতিনিধিগণ উপস্থিত থেকে সহযোগিতা করেন।
উপজেলা নির্বাহী কর্মকর্তা শাহ্ মোঃ জুবায়ের জানিয়েছে, পরিবেশ সংরক্ষণ, জনস্বাস্থ্য রক্ষা এবং আইনবহির্ভূত কার্যক্রম প্রতিরোধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

