বটিয়াঘাটা উপজেলা প্রেসক্লাবের নতুন আহ্বায়ক কমিটি গঠন, ডিসেম্বরে নির্বাচনের মাধ্যমে আসবে পূর্ণাঙ্গ নেতৃত্ব, সাংবাদিকদের ঐক্য ও পেশাগত মানোন্নয়নের প্রত্যাশা

সেখ রাসেল, বিভাগীয় ব্যুরো চিফ, খুূলনা:
খুলনার বটিয়াঘাটা উপজেলা প্রেসক্লাবের পূর্বের কার্যনির্বাহী কমিটি বিলুপ্ত করে তিন সদস্যবিশিষ্ট নতুন আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছে। নবগঠিত কমিটিতে মো. শাওন হাওলাদারকে আহ্বায়ক, পরাগ রায়কে সদস্য সচিব এবং চিরঞ্জিৎ মল্লিককে যুগ্ম আহ্বায়ক করা হয়েছে।

গত ১৬ নভেম্বর সোমবার বেলা ১১টায় উপজেলা প্রেসক্লাবের সভাপতি প্রতাপ ঘোষের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক ইন্দ্রজিৎ টিকাদারের সঞ্চালনায় অনুষ্ঠিত সাধারণ সভায় সর্বসম্মতিক্রমে এ সিদ্ধান্ত নেওয়া হয়।

সভায় উপস্থিত প্রেসক্লাবের সদস্যদের মতামতের ভিত্তিতে পূর্বের নির্বাচিত কমিটি বিলুপ্ত করে নতুন আহ্বায়ক কমিটি গঠন করা হয়। একই সঙ্গে আগামী ডিসেম্বরের মধ্যে নির্বাচন কমিশন গঠন করে সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচনের মাধ্যমে নতুন কার্যনির্বাহী কমিটির কাছে দায়িত্ব হস্তান্তরের সিদ্ধান্ত গৃহীত হয়।

সভায় বক্তব্য ও আলোচনায় সাংবাদিকদের মধ্যে পারস্পরিক সম্প্রীতি, ঐক্য, পেশাগত দায়িত্বশীলতা এবং প্রেসক্লাবের সাংগঠনিক কার্যক্রম আরও গতিশীল করার ওপর গুরুত্বারোপ করা হয়।

এ সময় উপস্থিত ছিলেন উপজেলা প্রেসক্লাবের সিনিয়র সহসভাপতি এস এম এ ভূট্টো, যুগ্ম সাধারণ সম্পাদক শাওন হাওলাদার, কোষাধ্যক্ষ গাজী তরিকুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক পরাগ রায়, দপ্তর সম্পাদক রিপন রায়, কার্যকরী সদস্য নিতিশ বাছাড়, সাংবাদিক আরিফুজ্জামান দুলু, মো. মনিরুজ্জামান শেখ, বিশ্বজিৎ রায়, সুদীপ্ত বিশ্বাস শুভ, চিরঞ্জিৎ মল্লিকসহ প্রেসক্লাবের অন্যান্য সদস্যরা।

নতুন কমিটিকে ঘিরে প্রত্যাশা

নবগঠিত আহ্বায়ক কমিটিকে ঘিরে বটিয়াঘাটার সাংবাদিক মহলে নতুন প্রত্যাশার সৃষ্টি হয়েছে। সাংবাদিকদের মধ্যে ঐক্য ও সৌহার্দ্য বজায় রাখা, পেশাগত মর্যাদা ও অধিকার রক্ষা, বস্তুনিষ্ঠ সাংবাদিকতা চর্চা, নবীন সাংবাদিকদের দক্ষতা বিকাশ এবং প্রেসক্লাবের সাংগঠনিক ভিত্তি আরও শক্তিশালী করার প্রত্যাশা করছেন সংশ্লিষ্টরা।

পাশাপাশি স্থানীয় মানুষের সমস্যা, সম্ভাবনা, উন্নয়ন ও জনদুর্ভোগের চিত্র গণমাধ্যমে তুলে ধরার ক্ষেত্রে প্রেসক্লাব আরও কার্যকর ভূমিকা রাখবে—এমন প্রত্যাশাও রয়েছে।

সংশ্লিষ্টদের আশা, নতুন আহ্বায়ক কমিটির উদ্যোগে একটি অবাধ, নিরপেক্ষ ও অংশগ্রহণমূলক নির্বাচনের মধ্য দিয়ে যোগ্য নেতৃত্ব প্রতিষ্ঠিত হবে। এর মাধ্যমে বটিয়াঘাটা উপজেলা প্রেসক্লাব সাংবাদিকদের পেশাগত ঐক্য, মর্যাদা ও জনস্বার্থে কাজ করার একটি শক্তিশালী প্রতিষ্ঠানে পরিণত হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *