শেরপুরের নকলায় মহাসড়ক আইনে ৩ ব্যবসায়ীকে ৬ হাজার টাকা অর্থদন্ড
জাহাঙ্গীর হোসেন, শেরপুর : শেরপুরের নকলায় মহাসড়ক আইন, ২০২১ অনুযায়ী অভিযান পরিচালনা করে তিন ব্যবসায়ীকে ২ হাজার করে মোট ৬ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয়েছে।
শনিবার (১৪ নভেম্বর) সকালে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. জাহাঙ্গীর আলম ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে এ অর্থদণ্ড প্রদান করেন। দন্ডিত ব্যক্তিরা হলেন পৌরসভার গড়েরগাঁও মোড় এলাকার রুবেল ফরাজী ও শহিদুল ইসলাম এবং পাঠাকাটা ইউনিয়নের পাঠাকাটা বাজারের সুজন মিয়া।
অভিযানকালে সার্বিক সহযোগিতায় ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ের
উপ-প্রশাসনিক কর্মকর্তা মো. নাদিউর রহমান।
এছাড়া আইন-শৃঙ্খলা পরিস্থিতি সমুন্নত রাখা এবং অভিযান সুষ্ঠুভাবে পরিচালনার লক্ষ্যে নকলা থানা পুলিশের সদস্যরা দায়িত্ব পালন করেন।
ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা গেছে দন্ডিত ব্যক্তিরা সড়কের পাশে গাছের গুড়ি রেখে পথচারী ও যানবাহন চলাচলে প্রতিবন্ধকতা সৃষ্টি করে আসছিলেন। জনস্বার্থে মহাসড়কে শৃঙ্খলা বজায় রাখা, জনদুর্ভোগ কমানো এবং আইন অমান্যকারীদের বিরুদ্ধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।

