পিরোজপুরে মাদ্রাসা পরিদর্শনে অতিরিক্ত জেলা প্রশাসক মোঃ জহিরুল ইসলাম, পরীক্ষার ফল বিপর্যয়ে অসন্তোষ প্রকাশ
মোঃ মনিরুল ইসলাম চৌধুরী, পিরোজপুর:
পিরোজপুর সদর উপজেলার ঐতিহ্যবাহী চালনা নামাজপুর নেছারিয়া আলিম মাদ্রাসা পরিদর্শন করেছেন মাদ্রাসার অ্যাডহক কমিটির সভাপতি ও পিরোজপুরের অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) মোঃ জহিরুল ইসলাম।
পরিদর্শনকালে তিনি মাদ্রাসার সার্বিক শিক্ষার পরিবেশ, পাঠদান কার্যক্রম এবং শিক্ষার্থীদের লেখাপড়ার মান সম্পর্কে খোঁজখবর নেন। পাশাপাশি ২০২৬ সালের দাখিল ও আলিম পরীক্ষায় প্রতিষ্ঠানটির আশঙ্কাজনক ফল বিপর্যয়ে গভীর অসন্তোষ প্রকাশ করেন।
মাদ্রাসার ভাইস প্রিন্সিপাল মাওলানা মোঃ রেজাউল হকের সভাপতিত্বে অনুষ্ঠিত মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) মোঃ জহিরুল ইসলাম।
এ সময় বক্তব্য রাখেন মাদ্রাসার সহকারী অধ্যাপক (ইতিহাস) মোঃ হুমায়ুন কবির তালুকদার, সহকারী অধ্যাপক (বাংলা) মোঃ শেখ জুলফিকার আলী, সহকারী শিক্ষক কাজী সুমন এবং সাংবাদিক ও সমাজসেবক মোঃ মনিরুল ইসলাম চৌধুরী।
প্রধান অতিথির বক্তব্যে অতিরিক্ত জেলা প্রশাসক মোঃ জহিরুল ইসলাম বলেন, ২০২৬ সালের দাখিল ও আলিম পরীক্ষায় মাদ্রাসার ফলাফল অত্যন্ত হতাশাজনক। শিক্ষার মানোন্নয়ন এবং ভবিষ্যতে ভালো ফলাফল অর্জনের লক্ষ্যে শিক্ষকদের আরও আন্তরিক, দায়িত্বশীল ও নিষ্ঠাবান হতে হবে। শিক্ষার্থীদের নিয়মিত পাঠদান, দুর্বল শিক্ষার্থীদের প্রতি বিশেষ নজর এবং শিক্ষার মান বৃদ্ধিতে কার্যকর পদক্ষেপ গ্রহণের ওপর তিনি গুরুত্বারোপ করেন।তিনি আরও বলেন, শিক্ষাপ্রতিষ্ঠানের সুনাম ও শিক্ষার্থীদের উজ্জ্বল ভবিষ্যৎ নিশ্চিত করতে শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক এবং মাদ্রাসা কর্তৃপক্ষের সম্মিলিত প্রচেষ্টা প্রয়োজন।
মতবিনিময় সভায় বক্তারা বলেন, মাদ্রাসার দীর্ঘ ইতিহাসে দাখিল ও আলিম পরীক্ষায় এমন হতাশাজনক ফলাফল আগে কখনো দেখা যায়নি। এ পরিস্থিতি থেকে উত্তরণে পাঠদানের মান বৃদ্ধি, শিক্ষার্থীদের নিয়মিত উপস্থিতি নিশ্চিত করা এবং শিক্ষকদের আরও দায়িত্বশীল ভূমিকা পালন করা জরুরি।পরিদর্শনকালে অতিরিক্ত জেলা প্রশাসক মাদ্রাসার বিভিন্ন শ্রেণিকক্ষ ঘুরে দেখেন এবং শিক্ষার্থীদের পাঠ্যবিষয়ক বিভিন্ন প্রশ্ন করেন। তবে বেশ কিছু প্রশ্নের সন্তোষজনক উত্তর দিতে না পারায় শিক্ষার্থীদের শিক্ষাগত প্রস্তুতি ও পাঠদানের মান নিয়ে উদ্বেগ প্রকাশ করেন তিনি।
মাদ্রাসার শিক্ষার মান ফিরিয়ে আনা, পরীক্ষার ফলাফল উন্নত করা এবং প্রতিষ্ঠানটির অতীত সুনাম পুনরুদ্ধারে সংশ্লিষ্ট সবাইকে আন্তরিকভাবে কাজ করার আহ্বান জানানো হয়।
শিক্ষার মানোন্নয়নে অতিরিক্ত জেলা প্রশাসকের এই পরিদর্শন ও দিকনির্দেশনা প্রতিষ্ঠানটির ভবিষ্যৎ অগ্রযাত্রায় ইতিবাচক ভূমিকা রাখবে বলে আশা প্রকাশ করেন সংশ্লিষ্টরা।

