দেবীগঞ্জে পুলিশের অভিযানে বাধার অভিযোগ, ফেসবুক লাইভে এসআইয়ের বিরুদ্ধে অপপ্রচারের দাবি
পঞ্চগড় প্রতিনিধি;
পঞ্চগড়ের দেবীগঞ্জে মাসুদ রানা নামে এক ব্যক্তির বাড়িতে পুলিশের অভিযানের সময় বাধা, ধস্তাধস্তি এবং অভিযুক্ত ব্যক্তিকে পালাতে সহায়তার অভিযোগ উঠেছে স্থানীয় কয়েকজন নারী-পুরুষের বিরুদ্ধে। এ ঘটনায় পুলিশের এক উপপরিদর্শকের বিরুদ্ধে ফেসবুক লাইভে মিথ্যা ও বিভ্রান্তিকর অভিযোগ প্রচারের দাবি করেছে পঞ্চগড় জেলা পুলিশ।
বুধবার (১১ নভেম্বর) জেলা পুলিশের ফেসবুক পেজে প্রকাশিত এক বিবৃতিতে এসব তথ্য জানানো হয়।
পুলিশের বিবৃতি অনুযায়ী, গোপন সংবাদের ভিত্তিতে দেবীগঞ্জ থানাধীন দণ্ডপাল ইউনিয়নের হাকিমপুর সন্ন্যাসীর ডাঙ্গা গ্রামের ময়েজ উদ্দিনের ছেলে মাসুদ রানার (৪৬) বাড়িতে অভিযান চালানো হয়। বুধবার ভোর ৪টার দিকে দেবীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার (ওসি) নির্দেশে বিট কর্মকর্তা উপপরিদর্শক (এসআই) মো. হারুন অর রশিদের নেতৃত্বে আট সদস্যের একটি দল ইউনিফর্ম পরিহিত অবস্থায় এ অভিযান পরিচালনা করে।
বিবৃতিতে বলা হয়, ওই বাড়িতে দেশের চলমান আইনশৃঙ্খলা পরিস্থিতি অস্থিতিশীল করা ও নাশকতার উদ্দেশ্যে কয়েকজনের গোপন বৈঠক চলছিল বলে পুলিশের কাছে তথ্য ছিল। পুলিশের উপস্থিতি টের পেয়ে সেখানে অবস্থানরত কয়েকজন নারী-পুরুষ পালিয়ে যান। এ সময় মাসুদ রানা ও তাঁর পরিবারের সদস্যরা চিৎকার-চেঁচামেচি শুরু করলে আশপাশের লোকজন জড়ো হন। একপর্যায়ে স্থানীয় কয়েকজন নারী-পুরুষ ও পরিবারের সদস্যরা সংঘবদ্ধ হয়ে পুলিশের অভিযানে বাধা দেন। ধস্তাধস্তির একপর্যায়ে মাসুদ রানাকে পালিয়ে যেতে সহায়তা করা হয় বলে দাবি পুলিশের।
পরে বিষয়টি থানার ওসিকে জানানো হলে তিনি দ্রুত ঘটনাস্থলে উপস্থিত হন। উদ্ভূত পরিস্থিতিতে জানমালের নিরাপত্তা ও এলাকার শান্তিশৃঙ্খলা বজায় রাখতে পুলিশ ধৈর্যের পরিচয় দিয়ে বলপ্রয়োগ থেকে বিরত থাকে বলে বিবৃতিতে উল্লেখ করা হয়েছে।
জেলা পুলিশের দাবি, মাসুদ রানা দণ্ডপাল ইউনিয়নের ১ নং ওয়ার্ড আওয়ামী যুবলীগের যুগ্ম সম্পাদক। তাঁর বিরুদ্ধে দেবীগঞ্জ থানায় মাদক, প্রতারণাসহ পাঁচটি মামলা বিচারাধীন রয়েছে বলে জানিয়েছে পুলিশ।
এদিকে, একই দিন ‘MD Masud Rana’ নামের একটি ফেসবুক আইডি থেকে দেবীগঞ্জ থানার এসআই মো. হারুন অর রশিদের বিরুদ্ধে অভিযোগ তুলে লাইভ প্রচার করা হয়। জেলা পুলিশ বলছে, বিষয়টি অনুসন্ধান করে প্রকৃত ঘটনা উদ্ঘাটন করা হয়েছে। তবে ওই অভিযোগের বিষয়ে লাইভ প্রচারকারীর বক্তব্য বিবৃতিতে পাওয়া যায়নি।
পুলিশ আরও জানিয়েছে, সরকারি কাজে বাধা, বিশৃঙ্খলা সৃষ্টি এবং সামাজিক যোগাযোগমাধ্যমে অপপ্রচারের অভিযোগে মাসুদ রানা ও তাঁর সহযোগীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে।
এ বিষয়ে অভিযুক্ত মাসুদ রানা বা তাঁর পরিবারের বক্তব্য পাওয়া গেলে তা প্রতিবেদনে যুক্ত করা হবে।

