পিরোজপুরে বিশ্ব হাত ধোয়া দিবস উপলক্ষে বর্ণাঢ্য র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত
মোঃ মনিরুল ইসলাম চৌধুরী, পিরোজপুর:
‘স্বাস্থ্য সুরক্ষায় হাত ধোয়ার নায়ক হোন’—এই প্রতিপাদ্যকে সামনে রেখে পিরোজপুরে বিশ্ব হাত ধোয়া দিবস-২০২৬ উপলক্ষে বর্ণাঢ্য র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।বৃহস্পতিবার (২৯ অক্টোবর) সকালে পিরোজপুর সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে জেলা প্রশাসন ও জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের যৌথ আয়োজনে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পিরোজপুরের অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মাহমুদুর রহমান মামুন।
জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলী জয়ন্ত সরকারের সভাপতিত্বে এবং উপজেলা সহকারী প্রকৌশলী মোঃ আল আমিনের সঞ্চালনায় অনুষ্ঠিত আলোচনা সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পিরোজপুর সরকারি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ বাবর তালুকদার ও ব্র্যাকের এনজিও কো-অর্ডিনেটর মোহাম্মদ জিহাদুল ইসলাম।এ ছাড়াও উপস্থিত ছিলেন জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের এস্টিমেটর আকাশ মণ্ডল, অফিস সহকারী রাজীব বল ও মোঃ মামুন লস্কর।আলোচনা সভায় মূল প্রবন্ধ উপস্থাপন করেন জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলী জয়ন্ত সরকার। তিনি বলেন, সঠিক নিয়মে সাবান দিয়ে হাত ধোয়া একটি সহজ, সাশ্রয়ী ও অত্যন্ত কার্যকর স্বাস্থ্য সুরক্ষার উপায়। নিয়মিত হাত ধোয়ার অভ্যাস ডায়রিয়া, কলেরা, টাইফয়েডসহ বিভিন্ন সংক্রামক রোগ প্রতিরোধে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।অনুষ্ঠানে জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের কর্মকর্তা-কর্মচারী, বিভিন্ন এনজিও ও বেসরকারি প্রতিষ্ঠানের প্রতিনিধি, শিক্ষক-শিক্ষার্থী এবং স্থানীয় সাংবাদিকরা উপস্থিত ছিলেন।আলোচনা সভায় বক্তারা বলেন, হাত ধোয়ার অভ্যাস শুধু ব্যক্তিগত পরিচ্ছন্নতার বিষয় নয়, এটি পরিবার ও সমাজের স্বাস্থ্য সুরক্ষার অন্যতম গুরুত্বপূর্ণ মাধ্যম। বিশেষ করে শিশুদের ছোটবেলা থেকেই সঠিক নিয়মে সাবান দিয়ে হাত ধোয়ার অভ্যাস গড়ে তুলতে হবে।
বক্তারা আরও বলেন, জনসচেতনতা বৃদ্ধি এবং স্বাস্থ্যসম্মত অভ্যাস গড়ে তোলার মাধ্যমে সংক্রামক রোগের বিস্তার অনেকাংশে রোধ করা সম্ভব।
অনুষ্ঠানের শেষ পর্যায়ে উপস্থিত শিক্ষার্থীদের হাত ধোয়ার সঠিক পদ্ধতি সম্পর্কে সচেতন করা হয়। একই সঙ্গে সুস্থ ও সুন্দর বাংলাদেশ গড়তে সবাইকে নিয়মিত সাবান দিয়ে হাত ধোয়ার অভ্যাস গড়ে তোলার আহ্বান জানান বক্তারা।

