পলাশে প্রবাসীর বাড়িতে দুর্ধর্ষ চুরি, ৭ লাখ টাকা ও ১৭ ভরি স্বর্ণালঙ্কার লুট
নরসিংদী (প্রতিনিধি)
নরসিংদীর পলাশে রাতের আঁধারে এক সৌদি প্রবাসীর বাড়িতে দু’র্ধ’র্ষ চু’রির ঘটনা ঘটেছে। বাড়ির দরজার তালা ভেঙে ঘরে ঢুকে নগদ ৭ লাখ টাকা ও ১৭ ভরি স্বর্ণালঙ্কার নিয়ে গেছে চোরের দল। এ ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।
গতকাল রাতে উপজেলার জিনারদী ইউনিয়নের পারুলিয়া গ্রামে সৌদি প্রবাসী কাওছার মিয়ার বাড়িতে এ চুরির ঘটনা ঘটে।
ভুক্তভোগী পরিবারের সদস্যদের বরাতে জানা যায়, দুই দিন আগে সন্তানদের নিয়ে বাবার বাড়িতে বেড়াতে যান প্রবাসীর স্ত্রী নূর আক্তার। যাওয়ার আগে বাড়িটি তালাবদ্ধ করে রাখেন তিনি। পরে আজ সকালে শ্বশুরের ফোনে চুরির খবর পেয়ে দ্রুত বাড়িতে ফিরে আসেন। এ সময় ঘরের দরজার তালা ভাঙা দেখতে পান তিনি। পরে ঘরের দুটি কক্ষে থাকা আলমারি ভেঙে নগদ টাকা ও স্বর্ণালঙ্কার চুরির বিষয়টি জানতে পারেন।
এদিকে, খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছে পলাশ থানা পুলিশ।
পলাশ থানার উপপরিদর্শক (এসআই) মোজাম্মেল হক জানান, এ ঘটনায় ভুক্তভোগী পরিবারের পক্ষ থেকে লিখিত অভিযোগ দেওয়া হয়েছে। বিষয়টি তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

