ঝিনাইদহে দুর্গাপূজা উপলক্ষে সনাতন ধর্মাবলম্বীদের মাঝে শাড়ি বিতরণ
সাইফুল ইসলাম, ঝিনাইদহ সংবাদদাতা-
শারদীয় দুর্গাপূজা উপলক্ষে ঝিনাইদহ-২ আসনের সনাতন ধর্মাবলম্বীদের মাঝে শাড়ি বিতরণ করা হয়েছে। শনিবার সকালে ঝিনাইদহের আলহেরা অফিসে আয়োজিত অনুষ্ঠানে প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিল থেকে পাওয়া এসব শাড়ি বিতরণ করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে শাড়ি বিতরণ করেন ঝিনাইদহ-২ আসনের সংসদ সদস্য আলী আজম মোঃ আবুবকর।
এ সময় উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর ঝিনাইদহ জেলা সেক্রেটারি আব্দুল আওয়াল, সহকারী সেক্রেটারি তাজুল ইসলাম, জেলা ওলামা বিভাগের সভাপতি মুহাদ্দিস রবিউল ইসলাম, সদর উপজেলা সহকারী সেক্রেটারি আলমগীর হোসেনসহ স্থানীয় রাজনৈতিক ও সামাজিক ব্যক্তিবর্গ।
শারদীয় দুর্গোৎসবের আনন্দ সনাতন ধর্মাবলম্বীদের সঙ্গে ভাগাভাগি করে নেওয়া এবং তাঁদের পাশে দাঁড়ানোর অংশ হিসেবে এ উদ্যোগ নেওয়া হয়। অনুষ্ঠানে অতিথিরা ধর্ম-বর্ণ নির্বিশেষে সকলের মধ্যে সম্প্রীতি, সৌহার্দ্য ও পারস্পরিক শ্রদ্ধাবোধ বজায় রাখার ওপর গুরুত্বারোপ করেন।
তাঁরা আশা প্রকাশ করেন, এ ধরনের উদ্যোগ সমাজে সাম্প্রদায়িক সম্প্রীতি জোরদার করার পাশাপাশি পারস্পরিক সহযোগিতা ও ভ্রাতৃত্বের বন্ধন আরও সুদৃঢ় করতে ভূমিকা রাখবে।##

