মা ইলিশ রক্ষায় চাঁদপুরে কোস্ট গার্ডের নিয়মিত অভিযান, চলছে জনসচেতনতামূলক কার্যক্রম

মোঃ জাবেদ হোসেন, নিজস্ব প্রতিবেদক:
জাতীয় মাছ ইলিশের প্রজনন নির্বিঘ্ন করা এবং মা ইলিশ সংরক্ষণে চাঁদপুরে নিয়মিত অভিযান ও জনসচেতনতামূলক কার্যক্রম পরিচালনা করছে বাংলাদেশ কোস্ট গার্ড। সরকারি নিষেধাজ্ঞা বাস্তবায়নে নদী ও উপকূলীয় এলাকায় টহল, বিশেষ অভিযান এবং কঠোর নজরদারি জোরদার করা হয়েছে।
বুধবার (১৪ অক্টোবর) দুপুরে কোস্ট গার্ডের পক্ষ থেকে এ তথ্য জানানো হয়। এ বিষয়ে ব্রিফিং প্রদান করেন চাঁদপুর কোস্ট গার্ড স্টেশনের কমান্ডার লেফটেন্যান্ট কমান্ডার মুহ্‌তাদিন ইসলাম (এক্স), বিএন। এ সময় কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজনও এ সংক্রান্ত তথ্য জানান।
কোস্ট গার্ড জানায়, দেশের সমুদ্র, উপকূলীয় ও নদীতীরবর্তী অঞ্চলের সার্বিক নিরাপত্তা নিশ্চিত করার পাশাপাশি মৎস্যসম্পদ রক্ষায় জাটকা নিধন প্রতিরোধ, মা ইলিশ সংরক্ষণ এবং মাছ ধরার ওপর সরকারি নিষেধাজ্ঞা বাস্তবায়নে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে সংস্থাটি।
ইলিশের প্রধান প্রজনন মৌসুমে মা ইলিশের নিরাপদ প্রজনন নিশ্চিত করতে গত ৮ অক্টোবর থেকে আগামী ২৯ অক্টোবর পর্যন্ত মোট ২২ দিন সারাদেশে ইলিশ আহরণ, পরিবহণ, মজুদ, বাজারজাতকরণ ও ক্রয়-বিক্রয় নিষিদ্ধ রয়েছে। এ নিষেধাজ্ঞা কার্যকর করতে চাঁদপুরসহ কোস্ট গার্ডের দায়িত্বপূর্ণ এলাকায় নিয়মিত টহল ও বিশেষ অভিযান পরিচালনার পাশাপাশি গোয়েন্দা নজরদারি বৃদ্ধি করা হয়েছে।
এ ছাড়া জেলেদের মধ্যে সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে মাইকিং, লিফলেট বিতরণ ও আলোচনা সভার মাধ্যমে সরকারি নিষেধাজ্ঞা মেনে চলার আহ্বান জানানো হচ্ছে। একই সঙ্গে জেলা প্রশাসন, মৎস্য বিভাগ, অন্যান্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এবং সংশ্লিষ্ট সংস্থাগুলোর সঙ্গে সমন্বয় করে অভিযান পরিচালনা করা হচ্ছে। নিষেধাজ্ঞা অমান্যকারীদের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা গ্রহণের কার্যক্রমও অব্যাহত রয়েছে।
কোস্ট গার্ডের পক্ষ থেকে বলা হয়েছে, “আজকের সংরক্ষণই আগামী দিনের প্রাচুর্য।” মা ইলিশ রক্ষায় সরকারি নিষেধাজ্ঞা মেনে চলার পাশাপাশি দেশের মৎস্যসম্পদ সংরক্ষণ ও সুনীল অর্থনীতিকে গতিশীল রাখতে সবাইকে সম্মিলিতভাবে এগিয়ে আসার আহ্বান জানানো হয়েছে।
মা ইলিশ সংরক্ষণে সরকারি নিষেধাজ্ঞা লঙ্ঘনসহ যেকোনো অনিয়মের তথ্য জানাতে কোস্ট গার্ডের জরুরি সেবা নম্বর ১৬১১১-এ কল করার জন্য সর্বসাধারণের প্রতি অনুরোধ জানানো হয়েছে।
মা ইলিশের নির্বিঘ্ন প্রজনন নিশ্চিত করতে কোস্ট গার্ডের এ ধরনের অভিযান ও জনসচেতনতামূলক কার্যক্রম অব্যাহত থাকবে বলে সংশ্লিষ্ট সূত্রে জানানো হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *