দুর্গাপূজা মণ্ডপ পরিদর্শনে এমপি আমীর এজাজ খান, উন্নয়ন, সম্প্রীতি ও দুর্নীতির বিরুদ্ধে কঠোর অবস্থানের প্রতিশ্রুতি

সেখ রাসেল, বিভাগীয় ব্যুরো চিফ, খুলনা:
দুর্গাপূজা উপলক্ষে খুলনার বটিয়াঘাটা উপজেলার ৫ নম্বর ভান্ডারকোট ও ৬ নম্বর বালিয়াডাঙ্গা এবং ৭ নং আমিরপুর ইউনিয়নের বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন করেছেন খুলনা-১ আসনের সংসদ সদস্য আলহাজ্ব আমীর এজাজ খান। এ সময় তিনি সনাতন ধর্মাবলম্বীদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন এবং ধর্মীয় সম্প্রীতি, এলাকার উন্নয়ন ও জননিরাপত্তা নিশ্চিত করার বিষয়ে বিভিন্ন প্রতিশ্রুতি দেন।

পরিদর্শনকালে এমপি আমীর এজাজ খান পূজামণ্ডপগুলোর সার্বিক পরিস্থিতি খোঁজখবর নেন এবং মন্দিরের উন্নয়নে আর্থিক অনুদানের আশ্বাস দেন। পাশাপাশি এলাকার রাস্তাঘাট পাকা করা, ডিপ টিউবওয়েল স্থাপন এবং ধর্মীয় ও সামাজিক অবকাঠামো উন্নয়নের ওপর গুরুত্বারোপ করেন। তিনি মডেল মসজিদ ও মন্দির নির্মাণসহ উন্নয়নমূলক কার্যক্রম এগিয়ে নেওয়ার প্রত্যয় ব্যক্ত করেন।

মাদক, দুর্নীতি ও অনিয়মের বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’ ঘোষণা করে সংসদ সদস্য বলেন, কোনো অনিয়মের সঙ্গে জড়িত ব্যক্তিকে ছাড় দেওয়া হবে না। অপরাধী যে-ই হোক, এমনকি নিজের পরিবারের সদস্য কিংবা দলের কেউ হলেও তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করতে হবে। এলাকার শান্তি, শৃঙ্খলা ও সুশাসন প্রতিষ্ঠায় কঠোর অবস্থান বজায় রাখার কথাও জানান তিনি।

এদিকে সংসদ সদস্যের এ সফরকে ঘিরে স্থানীয় নেতাকর্মীদের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা দেখা যায়। শত শত নেতাকর্মী কয়েক শ মোটরসাইকেল নিয়ে তাঁর সফরসঙ্গী হন। তাঁদের উপস্থিতিতে বিভিন্ন পূজামণ্ডপ ও সড়ক এলাকায় উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়।

ধর্মীয় সম্প্রীতি, উন্নয়নের অঙ্গীকার এবং অনিয়মের বিরুদ্ধে কঠোর অবস্থানের বার্তা দিয়ে এমপি আমীর এজাজ খানের এ পরিদর্শন স্থানীয় বাসিন্দাদের মধ্যে নতুন প্রত্যাশা তৈরি করেছে। এলাকাবাসীর প্রত্যাশা, প্রতিশ্রুত উন্নয়ন কার্যক্রম বাস্তবায়নের মাধ্যমে বটিয়াঘাটার জনজীবনে ইতিবাচক পরিবর্তন আসবে।

সম্প্রীতির বন্ধন অটুট থাকুক, উন্নয়নের অগ্রযাত্রা এগিয়ে চলুক—এই প্রত্যাশায় শেষ হয় সংসদ সদস্যের পূজামণ্ডপ পরিদর্শন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *