মহেশপুরে টিউবওয়েলের পানি গড়ানো নিয়ে বিরোধ, প্রতিবেশীর মারধরে বৃদ্ধ নিহত
স্টাফ রিপোর্টার | ঝিনাইদহ জেলা
ঝিনাইদহের মহেশপুরে টিউবওয়েলের পানি গড়ানোকে কেন্দ্র করে বিরোধের জেরে প্রতিবেশীর মারধরে আব্দুল জব্বার (৬০) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন।
শুক্রবার (১৮ সেপ্টেম্বর) বিকেলে উপজেলার মান্দারবাড়িয়া ইউনিয়নের শ্রীরামপুর গ্রামে এ ঘটনা ঘটে। নিহত আব্দুল জব্বার ওই গ্রামের মৃত আনছার মন্ডলের ছেলে।
পুলিশ ও নিহতের পারিবারিক সূত্রে জানা যায়, শুক্রবার দুপুরে টিউবওয়েলের পানি গড়ানোকে কেন্দ্র করে প্রতিবেশী জেহের আলীর ছেলে পলাশ ও বিদ্যুতের সঙ্গে আব্দুল জব্বারের কথা-কাটাকাটি হয়। একপর্যায়ে বাগ্বিতণ্ডার মধ্যে পলাশ ক্ষিপ্ত হয়ে আব্দুল জব্বারকে বুকে কিল-ঘুষি ও লাথি মারেন। এতে তিনি গুরুতর আহত হয়ে মাটিতে পড়ে যান।
পরে স্থানীয়রা তাঁকে উদ্ধার করে মহেশপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে ভর্তি করেন। সেখানে চিকিৎসাধীন অবস্থায় শুক্রবার রাত ৮টার দিকে আব্দুল জব্বারের মৃত্যু হয়।
মহেশপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আজাদ রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, তুচ্ছ একটি বিষয়কে কেন্দ্র করে কথা-কাটাকাটির একপর্যায়ে প্রতিবেশীর আঘাতে ওই ব্যক্তি মারা গেছেন। মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঝিনাইদহ সদর হাসপাতালের মর্গে পাঠানোর প্রস্তুতি চলছে।
তিনি আরও জানান, ঘটনার সঙ্গে জড়িতদের আটক করতে পুলিশ অভিযান শুরু করেছে। এ ঘটনায় থানায় হত্যা মামলা দায়েরের প্রক্রিয়া চলছে।

