বটিয়াঘাটায় যুবদল নেতা বাহাদুর মুন্সির বাড়িতে গুলিবর্ষণ মামলায় সাদ্দাম গ্রেফতার

সেখ রাসেল, বিভাগীয় ব্যুরো চিফ, খুলনা।
খুলনার বটিয়াঘাটা উপজেলা যুবদলের সদস্য সচিব মো. বাহাদুর মুন্সির বাড়িতে গুলিবর্ষণের ঘটনায় দায়ের করা মামলায় সাদ্দাম হাওলাদার (৩৫) নামে এক আসামিকে গ্রেফতার করেছে পুলিশ। গ্রেফতারের পর তাকে ওই মামলায় গ্রেফতার দেখিয়ে আদালতে সোপর্দ করা হয়েছে।

গ্রেফতার সাদ্দাম হাওলাদার বটিয়াঘাটা উপজেলার তেঁতুলতলা (চর মাজিদিয়া) এলাকার সাত্তার হাওলাদারের ছেলে। স্থানীয়ভাবে তার বিরুদ্ধে সন্ত্রাসী কর্মকাণ্ড ও মাদক ব্যবসার সঙ্গে জড়িত থাকার অভিযোগ রয়েছে।

পুলিশ সূত্রে জানা যায়, গত ৭ আগস্ট রাতে বটিয়াঘাটা উপজেলা যুবদলের সদস্য সচিব মো. বাহাদুর মুন্সির বাড়িতে দুর্বৃত্তরা গুলিবর্ষণ করে। এ ঘটনায় বটিয়াঘাটা থানায় মামলা দায়ের করা হয়। মামলার তদন্তের ধারাবাহিকতায় ঘটনার সঙ্গে জড়িত থাকার অভিযোগে সাদ্দাম হাওলাদারকে গ্রেফতার করে পুলিশ।

পুলিশের পক্ষ থেকে আদালতে দাখিল করা প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে, গ্রেফতার সাদ্দামের বিরুদ্ধে বটিয়াঘাটা ও লবণচরা থানায় মাদকসহ একাধিক মামলা রয়েছে। এর মধ্যে বিস্ফোরক দ্রব্য আইনে দায়ের করা মামলা এবং দণ্ডবিধির বিভিন্ন ধারায় করা মামলাও রয়েছে। এসব মামলা বর্তমানে আদালতে বিচারাধীন রয়েছে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়।

আদালতে দাখিল করা প্রতিবেদনে মামলার সুষ্ঠু তদন্তের স্বার্থে গ্রেফতার আসামিকে জেলহাজতে পাঠানোর আবেদন জানায় পুলিশ।

এ ঘটনায় জড়িত অন্যদের শনাক্ত ও গ্রেফতারে পুলিশের তদন্ত অব্যাহত রয়েছে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *