ঝিনাইদহে ইউপি সদস্যকে কুপিয়ে হত্যা
সাইফুল ইসলাম ঝিনাইদহ সংবাদদাতা-
ঝিনাইদহের হরিণাকুণ্ডু উপজেলার ভায়না ইউনিয়নে মোলাম উদ্দিন (৫০) নামের এক ইউপি সদস্যকে কুপিয়ে হত্যার অভিযোগ উঠেছে। বুধবার (৯ সেপ্টেম্বর) রাত আটটার দিকে উপজেলার কালিশংকরপুর এলাকায় এ ঘটনা ঘটে।
নিহত মোলাম উদ্দিন ভায়না ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের সদস্য ছিলেন। তিনি কালিশংকরপুর গ্রামের মৃত আবুল মণ্ডলের ছেলে।
পারিবারিক সূত্রে জানা যায়, রাতে মোলাম উদ্দিনের ওপর ওত পেতে থাকা কয়েকজন হামলা চালায়। এ সময় তাকে ধারালো অস্ত্র দিয়ে উপর্যুপরি কুপিয়ে আহত করে ফেলে রেখে যায়। পরে স্বজনেরা তাকে কুষ্টিয়া মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
হরিণাকুণ্ডু থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাসুম খান বলেন, পূর্বশত্রুতার জেরে প্রতিপক্ষের লোকজন মোলাম উদ্দিনের ওপর হামলা চালিয়েছে বলে প্রাথমিকভাবে জানা গেছে। আহত অবস্থায় তাকে কুষ্টিয়া মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।##

