জিলাপিতে ক্ষতিকর রাসায়নিক ও নকল বিজ্ঞাপনের দায়ে দুই প্রতিষ্ঠানকে ৪০ হাজার টাকা জরিমানা
মোঃ জাবেদ হোসেনঃচাঁদপুরে জিলাপি তৈরিতে ক্ষতিকর রাসায়নিক ও রং ব্যবহার এবং মিথ্যা বিজ্ঞাপনের মাধ্যমে ভোক্তাদের বিভ্রান্ত করার অভিযোগে দুই প্রতিষ্ঠানকে মোট ৪০ হাজার টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।
বুধবার (৯ সেপ্টেম্বর ২০২৬) জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর, চাঁদপুর জেলা কার্যালয়ের উদ্যোগে শহরের পাল বাজার ও কুমিল্লা রোড এলাকায় এ অভিযান পরিচালিত হয়।
অভিযানকালে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন-২০০৯ অনুযায়ী প্রশাসনিক ব্যবস্থা গ্রহণ করা হয়। জিলাপি তৈরিতে ক্ষতিকর রাসায়নিক হাইড্রোজ ব্যবহার এবং ক্ষতিকর রং মিশিয়ে খাদ্যদ্রব্য তৈরির অপরাধে মানিক হোটেলকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়।
এদিকে, মিথ্যা বিজ্ঞাপনের মাধ্যমে ভোক্তাদের বিভ্রান্ত করা, বিভিন্ন ব্র্যান্ডের বিভিন্ন ধরনের পণ্যের খালি প্যাকেট অফিসে সংরক্ষণ এবং নিম্নমানের পণ্য বিক্রির অভিযোগে এইচ.এম.সি.এল (এমএলএম কোম্পানি)-কে ৩০ হাজার টাকা জরিমানা করা হয়।
দুই প্রতিষ্ঠানকে সর্বমোট ৪০ হাজার টাকা জরিমানা করেন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর, চাঁদপুর জেলা কার্যালয়ের সহকারী পরিচালক আব্দুল্লাহ আল ইমরান। জরিমানার অর্থ অভিযুক্ত প্রতিষ্ঠানগুলো তাৎক্ষণিকভাবে স্বেচ্ছায় পরিশোধ করে।
অভিযানকালে বিভিন্ন ব্র্যান্ডের খালি প্যাকেট ধ্বংস করা হয়। পাশাপাশি অভিযুক্ত প্রতিষ্ঠানগুলো ভবিষ্যতে এ ধরনের অনিয়ম থেকে বিরত থাকার অঙ্গীকার করে।
অভিযানের অংশ হিসেবে আশপাশের অন্যান্য প্রতিষ্ঠানও পরিদর্শন করা হয় এবং জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে লিফলেট বিতরণ করা হয়।
এ সময় চাঁদপুর জেলা পুলিশের একটি টিম অভিযানে সার্বিক সহায়তা প্রদান করে।
জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর জানিয়েছে, জনস্বার্থে এ ধরনের অভিযান কার্যক্রম ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

