পিরোজপুরের মঠবাড়িয়ায় পিস্তল ও ককটেলসহ আন্তঃজেলা ডাকাত দলের সর্দার গ্রেপ্তার
মোঃ মনিরুল ইসলাম চৌধুরী, পিরোজপুর:
পিরোজপুরের মঠবাড়িয়ায় বিশেষ অভিযান চালিয়ে আন্তঃজেলা ডাকাত দলের সর্দার মো. দুলাল সরদারকে (৩৫) গ্রেপ্তার করেছে মঠবাড়িয়া থানা পুলিশ। এ সময় তাঁর কাছ থেকে একটি পিস্তল, একটি ম্যাগাজিন ও লাল কসটেপে মোড়ানো ছয়টি ককটেল সদৃশ বস্তু উদ্ধার করা হয়েছে।গ্রেপ্তার দুলাল সরদার মঠবাড়িয়া উপজেলার মিরুখালী ইউনিয়নের খায়ের ঘটিচোড়া গ্রামের ৫ নম্বর ওয়ার্ডের বাসিন্দা। তিনি মৃত আব্দুল খালেক সরদারের ছেলে।পুলিশ সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে সোমবার দিবাগত রাত ২টার দিকে মিরুখালী ইউনিয়নের খায়ের ঘটিচোড়া গ্রামে দুলাল সরদারের বাড়িতে অভিযান চালায় পুলিশ। এ সময় তাঁকে গ্রেপ্তার করা হয়। পরে তাঁর বাড়িতে তল্লাশি চালিয়ে হাঁসের ঘরের ওপর বিশেষ কৌশলে লুকিয়ে রাখা একটি বাজারের ব্যাগের ভেতর থেকে একটি পিস্তল, একটি ম্যাগাজিন ও লাল রঙের কসটেপ দিয়ে মোড়ানো ছয়টি ককটেল সদৃশ বস্তু উদ্ধার করা হয়।পুলিশ আরও জানায়, গ্রেপ্তার দুলাল সরদারের বিরুদ্ধে ঝালকাঠি জেলায় একটি স্বর্ণের দোকানে ডাকাতির মামলাসহ একাধিক মামলা রয়েছে।মঠবাড়িয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রবিউল ইসলাম বলেন, দুলাল সরদার আন্তঃজেলা ডাকাত দলের সর্দার। তাঁকে গ্রেপ্তারের পর তাঁর কাছ থেকে একটি পিস্তল, একটি ম্যাগাজিন ও ছয়টি ককটেল সদৃশ বস্তু উদ্ধার করা হয়েছে। তাঁর বিরুদ্ধে ডাকাতিসহ একাধিক মামলা রয়েছে।
ওসি আরও জানান, অস্ত্র ও ককটেল সদৃশ বস্তু উদ্ধারের ঘটনায় দুলাল সরদারের বিরুদ্ধে অস্ত্র ও বিস্ফোরক আইনে মামলা দায়েরের কার্যক্রম চলছে।

