কৃষকের মাঠে ময়লার ভাগাড়, প্রতিবাদে মহাসড়ক অবরোধ

সাইফুল ইসলাম, ঝিনাইদহ সংবাদদাতা-
ঝিনাইদহ শহর থেকে প্রায় ১৬ কিলোমিটার দূরে কৃষকের মাঠে পৌরসভার ময়লার ভাগাড় তৈরির প্রতিবাদে সড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন কৃষক ও এলাকাবাসী।
সোমবার সকালে ঝিনাইদহ-চুয়াডাঙ্গা মহাসড়কের বৈডাঙ্গা এলাকায় গাছের ডাল ফেলে সড়ক অবরোধ করেন তারা। প্রায় দুই ঘণ্টা ধরে চলা অবরোধ ও বিক্ষোভের কারণে মহাসড়কের উভয় পাশে যান চলাচল বন্ধ হয়ে যায়। এতে চরম জনভোগান্তির সৃষ্টি হয়।
কৃষক ও স্থানীয়রা জানান, দীর্ঘদিন ধরে ঝিনাইদহ পৌরসভার ময়লা ফেলার জন্য সদর উপজেলার সাগান্না ইউনিয়নের বৈডাঙ্গা মাঠে জায়গা প্রস্তুতের কাজ চলছিল। বিষয়টি জানতে পেরে কৃষক ও এলাকাবাসী বারবার বাধা দিলেও তাতে কর্ণপাত করা হয়নি বলে অভিযোগ তাদের।
পরে কোনো উপায় না পেয়ে সড়ক অবরোধ করে বিক্ষোভ শুরু করেন কৃষক ও এলাকাবাসী। খবর পেয়ে পুলিশ ও স্থানীয় প্রশাসনের কর্মকর্তারা ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা করেন।
ঝিনাইদহ সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আসাদুজ্জামান জানান, পৌরসভার ময়লা ফেলার জন্য মোয়াজ্জেম হোসেন বৈডাঙ্গা মাঠে জায়গা প্রস্তুত করছিলেন। বিষয়টি জানতে পেরে স্থানীয় কৃষক ও এলাকাবাসী সড়ক অবরোধ করে বিক্ষোভ করেন। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
তিনি আরও জানান, মোয়াজ্জেম হোসেনের সঙ্গে কথা হলে তিনি ওই স্থানে আর ময়লা ফেলা হবে না বলে আশ্বস্ত করেন। পরে কৃষক ও এলাকাবাসীকে বিষয়টি বোঝানো হলে তারা সড়ক অবরোধ তুলে নেন। এরপর মহাসড়কে যান চলাচল স্বাভাবিক হয়।##

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *