বিরোধীদল সংসদে সুন্দর কথা বলে, আর বাহিরে ৭১’র রূপ ধারণ করে: এ্যানি

স্টাফ রিপোটার:
জাতীয় সংসদের বিরোধীদলের সমালোচনা করে বিএনপির যুগ্ম মহাসচিব ও পানিসম্পদ মন্ত্রী শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি বলেছেন, ‘সংসদে তারা সুন্দর সুন্দর কথা বলে, আর বাহিরে গেলে স্বাধীনতার সময়ের রূপ ধারণ করে।’

তিনি বলেন, তাদের জোটের একজন নেতা একের পর এক রাজনৈতিক শিষ্টাচার বহির্ভূত অশালীন বক্তব্য দিয়ে আসছে, জামায়াতের শীর্ষ নেতারা কেউ কিছু বলে না। আসলে এরাই শিবির, এরাই জামায়াত, এরাই এনসিপি বলে মন্তব্য করেন এ্যানি।

বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে শনিবার লক্ষ্মীপুর জেলা বিএনপি আয়োজিত স্থানীয় আদর্শ সামাদ মাঠে র‌্যালি পূর্ব সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।

বিএনপির এ নেতা আরও বলেন, ‘৬ মাসের মধ্যে বিদ্যুৎ, গ্যাস সংকট সমস্যার সমাধান সম্ভব নয়, আরও কিছু সময় না দিয়ে তারা আজ লং মার্চ করছেন এটা কি হিসেবে এখন জায়েজ? তারা আজ ফ্যাসিবাদের মতো রাজনৈতিক বিবেক বর্জিত বক্তব্য দেয়। তারা নির্বাচনের পর থেকে এমন কোনো দিন নেই যে প্রতিবাদ, আন্দোলন ও সভা-সমাবেশ না করেছেন, হুঙ্কার না দিয়েছেন। একটা ধ্বংস স্তূপের মধ্যে আমরা দায়িত্ব নিয়েছি, তুষের আগুনের মতো এখনো জ্বলছি। বাস্তবতাকে মেনে আমাদের আরও সময় দিতে হবে, বিএনপি জনগণের কাছে প্রতিশ্রুতিবদ্ধ। তাই নির্বাচনের ইশতেহার অনুযায়ী কাজ করে চলেছে।’

এসময় জেলা বিএনপির সদস্য সচিব সাহাবুদ্দিন সাবু, যুগ্ম আহ্বায়ক অ্যাডভোকেট হাছিবুর রহমান, বাফুফের সহ-সভাপতি ওয়াহিদ উদ্দিন চৌধুরী হ্যাপিসহ দলীয় বিপুল সংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন। পরে একটি র‌্যালি শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে উত্তর তেমুহনীতে গিয়ে শেষ হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *