অসময়ের তরমুজ চাষে সাফল্য অর্জন করছেন বটিয়াঘাটার চাষিরা

সেখ রাসেল বিভাগীয় ব্যুরো চিফ, খুলনা।
খুলনার বটিয়াঘাটায় অসময়ের তরমুজ চাষে সাফল্য অর্জন করছেন চাষিরা, ঘেরের ভেড়িতে মাচা করে চাষ, সম্ভাব্য উৎপাদন ২২ হাজার ৪০০ মেট্রিক টন।
প্রচলিত কৃষির পাশাপাশি অসময়ের তরমুজ চাষে নতুন সম্ভাবনার দ্বার উন্মোচন করেছেন খুলনার বটিয়াঘাটার কৃষকরা। মাছের ঘেরের ভেড়িতে মাচা তৈরি করে গ্রীষ্মকালীন তরমুজ চাষ করে ইতোমধ্যে ব্যাপক সাড়া ফেলেছেন স্থানীয় চাষিরা। কম সময়ে ভালো ফলন ও বাজারে চাহিদা থাকায় এ চাষে আগ্রহ বাড়ছে কৃষকদের।

উপজেলা কৃষি অফিস সূত্রে জানা গেছে, চলতি মৌসুমে বটিয়াঘাটা উপজেলায় প্রায় ৮০০ হেক্টর জমিতে গ্রীষ্মকালীন তরমুজ চাষ হয়েছে। হেক্টরপ্রতি গড়ে ২৮ মেট্রিক টন ফলনের হিসেবে সম্ভাব্য মোট উৎপাদন দাঁড়াবে প্রায় ২২ হাজার ৪০০ মেট্রিক টন। যার সম্ভাব্য বাজারমূল্য প্রায় ৮৯ কোটি ৬০ লাখ টাকা। এরই মধ্যে প্রায় ২৫০ হেক্টর জমির তরমুজ কর্তন সম্পন্ন হয়েছে।

উপজেলার সুরখালী ইউনিয়নে অসময়ের তরমুজ চাষ সবচেয়ে বেশি সাড়া ফেলেছে। সেখানে মাছের ঘেরের ভেড়িতে মাচা তৈরি করে তরমুজ চাষ করা হচ্ছে। এতে একদিকে যেমন ঘেরের জমির সর্বোচ্চ ব্যবহার নিশ্চিত হচ্ছে, অন্যদিকে একই জমি থেকে মাছের পাশাপাশি তরমুজ উৎপাদন করে বাড়তি আয় করছেন কৃষকরা।

উপজেলা কৃষি কর্মকর্তা আবু বকর সিদ্দিক বলেন, কৃষিক্ষেত্রে বটিয়াঘাটা উপজেলা দিন দিন এগিয়ে যাচ্ছে। আমন, বোরো, আউশ, সূর্যমুখী, মুগডালসহ বিভিন্ন শাক-সবজি উৎপাদনে এ উপজেলার কৃষকরা সাফল্য অর্জন করেছেন। কৃষকদের আধুনিক কৃষি প্রযুক্তিতে উৎসাহিত করার পাশাপাশি মাঠপর্যায়ে উপসহকারী কৃষি কর্মকর্তাদের পরামর্শ ও সহযোগিতাও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে।

তিনি আরও বলেন, অসময়ের তরমুজ চাষে সুরখালী ইউনিয়ন বর্তমানে অন্যদের তুলনায় এগিয়ে রয়েছে। মাছের ঘেরের ভেড়িতে মাচা করে তরমুজ চাষের এই পদ্ধতি কৃষকদের মধ্যে ব্যাপক আগ্রহ সৃষ্টি করেছে। সুরখালীর সফলতা দেখে উপজেলার অন্যান্য ইউনিয়নের কৃষকরাও এ ধরনের তরমুজ চাষে আগ্রহী হয়ে উঠছেন।

কৃষি সংশ্লিষ্টরা মনে করছেন, অসময়ের তরমুজ চাষ বটিয়াঘাটার কৃষিতে নতুন অর্থনৈতিক সম্ভাবনা তৈরি করছে। আধুনিক প্রযুক্তি, সঠিক জাত নির্বাচন ও কৃষি বিভাগের পরামর্শ অব্যাহত থাকলে ভবিষ্যতে এ উপজেলায় তরমুজ উৎপাদন আরও বাড়বে এবং কৃষকের আয় বৃদ্ধির পাশাপাশি স্থানীয় কৃষি অর্থনীতিতেও ইতিবাচক প্রভাব পড়বে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *