সাংবাদিক শফিউজ্জামান রানাকে ‘মাদার তেরেসা আন্তর্জাতিক শান্তি পুরস্কার’ প্রদান
মোঃ আরিফুর রহমান
স্টাফ রিপোর্টার
সাংবাদিকতায় বিশেষ অবদানের স্বীকৃতি হিসেবে শেরপুরের নকলা উপজেলার সাংবাদিক মো. শফিউজ্জামান রানাকে ‘মাদার তেরেসা আন্তর্জাতিক শান্তি পুরস্কার-২০২৬’ প্রদান করা হয়েছে।
বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) সকাল ১১টার দিকে ঢাকার ধানমন্ডিতে প্রতিষ্ঠানের কার্যালয়ে আয়োজক কর্তৃপক্ষের চেয়ারম্যান আর. কে. রিপন-এর হাত থেকে পুরস্কার ও সম্মাননা গ্রহণ করেন সাংবাদিক শফিউজ্জামান রানা।
পুরস্কারের সনদে সাংবাদিকতায় বিশেষ অবদানের জন্য তাঁকে সম্মাননা দেওয়ার কথা উল্লেখ রয়েছে। সনদে তাঁকে ‘For Special Contribution to Journalism’ হিসেবে স্বীকৃতি দেওয়া হয়েছে। একই সঙ্গে পুরস্কারের ক্রেস্টেও সাংবাদিকতায় অসামান্য অবদানের স্বীকৃতির কথা উল্লেখ রয়েছে।
সাংবাদিক শফিউজ্জামান রানা বর্তমানে দৈনিক দেশ রূপান্তর পত্রিকার নকলা উপজেলা সংবাদদাতা হিসেবে দায়িত্ব পালন করছেন। দীর্ঘদিন ধরে তিনি স্থানীয় বিভিন্ন অনিয়ম, দুর্নীতি, জনদুর্ভোগ ও সাধারণ মানুষের নানা সমস্যা নিয়ে সংবাদ প্রকাশ করে আসছেন।
রানা জানান, এর আগে তিনি নেপাল-বাংলাদেশ অ্যাওয়ার্ড, গ্লোবাল এক্সিলেন্ট অ্যাওয়ার্ড, প্রিন্সেস ডায়ানা অ্যাওয়ার্ড ও নেলসন ম্যান্ডেলা অ্যাওয়ার্ডসহ বিভিন্ন সম্মাননা পেয়েছেন।
তাঁর ভাষ্য অনুযায়ী, ২০২৪ সালের মার্চে নকলার তৎকালীন উপজেলা নির্বাহী কর্মকর্তা সাদিয়া উম্মুল বানিনের কাছে প্রায় ১০ কোটি টাকার অনিয়ম সংক্রান্ত তথ্য জানতে তথ্য অধিকার আইনে আবেদন করতে গিয়ে তিনি হয়রানির শিকার হন। পরবর্তীতে ওই ঘটনায় আঃলীগের নেতারা এবং মুক্তিযুদ্ধাদের যোগসাজশে ইউএনও মোবাইল কোর্ট বসিয়ে রানাকে সাত মাসের কারাদণ্ডে দণ্ডিত করেন। তবে কারাভোগের ছয় দিনের মাথায় দৈনিক দেশ রূপান্তর কর্তৃপক্ষ ও তথ্য কমিশনের সংশ্লিষ্ট কর্মকর্তাদের হস্তক্ষেপে তিনি মুক্তি পান।
সাংবাদিকতায় এমন আন্তর্জাতিক পর্যায়ের স্বীকৃতি পাওয়ায় শফিউজ্জামান রানাকে বিভিন্ন মহলের পক্ষ থেকে অভিনন্দন জানানো হয়েছে।

