পিরোজপুরে শান্তিপূর্ণ পরিবেশে ‘পজেটিভ পিরোজপুর’-এর নির্বাচন সম্পন্ন
মোঃ মনিরুল ইসলাম চৌধুরী,স্টাফ রিপোর্টার, পিরোজপুর:
অরাজনৈতিক ও অলাভজনক স্বেচ্ছাসেবী সংগঠন ‘পজেটিভ পিরোজপুর’-এর কার্যনির্বাহী কমিটি-২০২৬ এর নির্বাচন শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে সম্পন্ন হয়েছে।শনিবার (১ আগস্ট) সকাল ১০টা থেকে দুপুর ১২টা পর্যন্ত পিরোজপুর শহরের বাইপাস সড়কে সংগঠনের নিজস্ব কার্যালয়ে গোপন ব্যালটের মাধ্যমে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। নির্বাচনে সংগঠনের ১৫ জন ভোটার তাঁদের ভোটাধিকার প্রয়োগ করেন। সভাপতি, সাধারণ সম্পাদক ও সাংগঠনিক সম্পাদক—এই তিনটি পদে নির্বাচন অনুষ্ঠিত হয়।নির্বাচনে প্রিজাইডিং কর্মকর্তার দায়িত্ব পালন করেন সুশাসনের জন্য নাগরিক (সুজন) পিরোজপুর শাখার সাধারণ সম্পাদক অধ্যাপক শাহ আলম শেখ। সহকারী প্রিজাইডিং কর্মকর্তার দায়িত্ব পালন করেন পিরোজপুর আফতাব উদ্দিন কলেজের সাবেক ভাইস প্রিন্সিপাল মো. লুৎফর রহমান।
ভোটগ্রহণ ও গণনা শেষে ঘোষিত ফলাফলে সভাপতি পদে অবসরপ্রাপ্ত সার্জেন্ট মো. হাবিবুর রহমান, সাধারণ সম্পাদক পদে পিরোজপুর সাংবাদিক ইউনিয়নের সাধারণ সম্পাদক মো. নাঈম তালুকদার এবং সাংগঠনিক সম্পাদক পদে মো. ফয়সাল শেখ নির্বাচিত হন।নির্বাচন শেষে নবনির্বাচিত নেতৃবৃন্দ সংগঠনের সকল সদস্যের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। তাঁরা বলেন, ‘পজেটিভ পিরোজপুর’-কে জনকল্যাণমূলক, মানবিক ও স্বেচ্ছাসেবামূলক কর্মকাণ্ডের মাধ্যমে আরও কার্যকর, গতিশীল ও জনসম্পৃক্ত সংগঠন হিসেবে গড়ে তুলতে সবাইকে সঙ্গে নিয়ে আন্তরিকতার সঙ্গে কাজ করবেন।
সংগঠনের সদস্যরা আশা প্রকাশ করেন, নবনির্বাচিত নেতৃত্বের মাধ্যমে ‘পজেটিভ পিরোজপুর’ ভবিষ্যতে সমাজসেবা, মানবিক সহায়তা ও জনসচেতনতামূলক কার্যক্রমে আরও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

