বটিয়াঘাটায় অটোচালক রাজন হত্যা মামলায় এক আসামি গ্রেফতার
সেখ রাসেল, বিভাগীয় ব্যুরো চিফ, খুলনা।
খুলনার বটিয়াঘাটা উপজেলার ১ নং জলাম ইউনিয়নের তেতুলতলা আশিক সড়কের পাশে একটি পরিত্যক্ত ঘর থেকে উদ্ধার হওয়া অটোচালক সজিব হাওলাদার রাজন (২৫) হত্যা মামলায় এক আসামি রাজু শিকদারের পুত্র রাজ শিকদার (২৩)কে গ্রেফতার করেছে পুলিশ। তার বাড়ি খুলনা মহানগরীর বানিয়াখামা এলাকার জাহিদুর রহমান ক্রস রোডে।
পুলিশ সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার গভীর রাতে বটিয়াঘাটা থানার অফিসার ইনচার্জ (ওসি) মারুফ হোসেনের নির্দেশনায় বটিয়াঘাটা থানা ও খুলনা সদর থানা পুলিশের যৌথ অভিযানে রাজ শিকদারকে গ্রেফতার করা হয়। এ ঘটনায় আরও দুইজন অজ্ঞাতনামা ব্যক্তিকে আসামি করা হয়েছে।
এর পূর্বে গত ২২ জুলাই উপজেলার তেঁতুলতলা-আশিক সড়কের মাঝামাঝি একটি বিলের মধ্যে অবস্থিত পরিত্যক্ত ঘর থেকে রাজনের মরদেহ উদ্ধার করে পুলিশ। মরদেহের নাক, চোখ, মাথাসহ শরীরের বিভিন্ন স্থানে আঘাতের চিহ্ন ছিল। পরে সামাজিক যোগাযোগমাধ্যমে মরদেহের ছবি ছড়িয়ে পড়লে নিহতের স্বজনরা ঘটনাস্থলে এসে মরদেহটি শনাক্ত করেন।
নিহতের পরিবার জানায়, গত ২১ জুলাই রাজন তার ইজিবাইক নিয়ে বাড়ি থেকে বের হয়ে নিখোঁজ হন। পরদিন সোনাডাঙ্গা থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করা হয়। পরে তার ব্যবহৃত ইজিবাইকটি হরিণটানা এলাকায় পরিত্যক্ত অবস্থায় উদ্ধার করা হয়। তবে গাড়ির চারটি ব্যাটারি পাওয়া যায়নি। এ ঘটনায় নিহতের মা রাশিদা বেগম (৪৩) বাদী হয়ে বটিয়াঘাটা থানায় হত্যা মামলা দায়ের করেন। গত ২৩ জুলাই রুজুকৃত মামলাটির নম্বর-১০। মামলায় দণ্ডবিধির ৩০২, ২০১ ও ৩৪ ধারায় রাজ শিকদারসহ অজ্ঞাতনামা আরও দুইজনকে আসামি করা হয়েছে।
বটিয়াঘাটা থানার অফিসার ইনচার্জ (ওসি) মারুফ হোসেন বলেন, “মরদেহ উদ্ধারের খবর পাওয়ার সঙ্গে সঙ্গে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে তদন্ত শুরু করে। মরদেহের পরিচয় শনাক্তের জন্য ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে প্রচার করা হলে নিহতের পরিবারের সদস্যরা এসে মরদেহ শনাক্ত করেন। এরপর তাৎক্ষণিকভাবে হত্যাকাণ্ডের রহস্য উদঘাটন এবং জড়িতদের শনাক্তে অভিযান চালানো হয়। অভিযানে এক আসামিকে গ্রেফতার করা হয়েছে। তিনি আদালতে ফৌজদারি কার্যবিধির ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন। হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত অন্য আসামিদের গ্রেফতারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।” এ মামলায় দায়িত্বপ্রাপ্ত বটিয়াঘাটা থানার এসআই মাহমুদুজ্জামান এর তৎপরতায় আসামি রাজ শিকদারকে গ্রেফতার করেছে। কার্যক্রম অব্যাহত রয়েছে।
পরবর্তী আপডেট জানতে পত্রিকার পাতায় চোখ রাখুন।

