পিরোজপুরে বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে বর্ণাঢ্য র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত

মোঃ মনিরুল ইসলাম চৌধুরী,স্টাফ রিপোর্টার, পিরোজপুর :
‘ক্লাইমেট অ্যাকশন: জলবায়ু পরিবর্তন মোকাবিলায় আজকের পদক্ষেপ, আগামীর নিরাপত্তা’—এই প্রতিপাদ্যকে সামনে রেখে পিরোজপুরে পালিত হয়েছে বিশ্ব পরিবেশ দিবস ২০২৬। দিবসটি উপলক্ষে বৃহস্পতিবার (৯ জুলাই) সকালে জেলা প্রশাসন ও পরিবেশ অধিদপ্তরের যৌথ উদ্যোগে বর্ণাঢ্য র‌্যালি ও আলোচনা সভার আয়োজন করা হয়। সকাল ১০টায় জেলা সার্কিট হাউস প্রাঙ্গণ থেকে একটি বর্ণাঢ্য র‌্যালি বের হয়। র‌্যালিটি শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে জেলা প্রশাসক কার্যালয়ে গিয়ে শেষ হয়। পরে জেলা প্রশাসক কার্যালয়ের আব্দুর রাজ্জাক সাইফ-মিজান সভাকক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।আলোচনা সভায় সভাপতিত্ব করেন জেলা প্রশাসক আবু সাঈদ। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন পরিবেশ অধিদপ্তর, পিরোজপুরের সহকারী পরিচালক নিখিল চন্দ্র ঢালী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. আলাউদ্দীন ভূঞা জনী, জেলা বিএনপির সদস্য সচিব এস. এম. সাইদুল ইসলাম কিসমত এবং জেলা জামায়াতের সেক্রেটারি অধ্যক্ষ জহিরুল হক।সভাপতির বক্তব্যে জেলা প্রশাসক আবু সাঈদ বলেন, “জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব আজ শুধু একটি দেশের নয়, পুরো বিশ্বের জন্য বড় চ্যালেঞ্জ। এ সংকট মোকাবিলায় সরকারি উদ্যোগের পাশাপাশি প্রতিটি নাগরিককে পরিবেশ সংরক্ষণে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে।” তিনি বৃক্ষরোপণ কর্মসূচি জোরদার করা, একবার ব্যবহারযোগ্য প্লাস্টিকের ব্যবহার কমানো এবং প্রাকৃতিক সম্পদের সুষ্ঠু ও টেকসই ব্যবহারের ওপর গুরুত্বারোপ করেন।বক্তারা বলেন, পরিবেশ রক্ষায় সচেতনতা বৃদ্ধি এবং সম্মিলিত উদ্যোগ ছাড়া জলবায়ু পরিবর্তনের ক্ষতিকর প্রভাব মোকাবিলা সম্ভব নয়। ভবিষ্যৎ প্রজন্মের জন্য নিরাপদ ও বাসযোগ্য পৃথিবী গড়ে তুলতে এখনই কার্যকর পদক্ষেপ গ্রহণের আহ্বান জানান তারা।অনুষ্ঠানে বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা, বীর মুক্তিযোদ্ধা, সামাজিক ও স্বেচ্ছাসেবী সংগঠনের প্রতিনিধি, শিক্ষার্থী এবং প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা উপস্থিত ছিলেন।বিশ্ব পরিবেশ দিবসের এ আয়োজন পিরোজপুরে পরিবেশ সংরক্ষণ ও জলবায়ু সচেতনতা বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আশা প্রকাশ করেন আয়োজকরা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *