ফল চাষে উদ্বুদ্ধ করতে ঠাকুরগাঁওয়ে তিন দিনব্যাপী মেলা

জসীমউদ্দিন ইতি
ঠাকুরগাঁও প্রতিনিধি: “করবো ফল চাষ, সংরক্ষণ করব বারো মাস” এই প্রতিপাদ্যকে সামনে রেখে ঠাকুরগাঁওয়ে শুরু হয়েছে তিন দিনব্যাপী ফল মেলা। ফল চাষে কৃষকদের উদ্বুদ্ধ করা, নিরাপদ ও পুষ্টিকর ফল উৎপাদন বৃদ্ধি এবং ফল সংরক্ষণ বিষয়ে জনসচেতনতা সৃষ্টির লক্ষ্যে এ মেলার আয়োজন করা হয়েছে।

বৃহস্পতিবার (১৮ জুন) বিকেলে জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের খামারবাড়ি কার্যালয় চত্বরে জেলা প্রশাসন ও কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের যৌথ উদ্যোগে মেলার উদ্বোধন করা হয়। ১৮ জুন থেকে শুরু হওয়া এ মেলা চলবে আগামী ২০ জুন পর্যন্ত।

কৃষি সম্প্রসারণ অধিদপ্তর, ঠাকুরগাঁওয়ের উপ-পরিচালক মাজেদুল ইসলামের সভাপতিত্বে আয়োজিত উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ফিতা কেটে মেলার শুভ উদ্বোধন করেন জেলা প্রশাসক মোহাম্মদ রফিকুল হক।

এসময় উপস্থিত ছিলেন সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট নাঈম আশরাফ, অতিরিক্ত পুলিশ সুপার খোদাদাদ হোসেন, জেলা প্রশিক্ষণ কর্মকর্তা মোছাম্মাত শামীমা নাজনীন, অতিরিক্ত উপ-পরিচালক (শস্য) আলমগীর কবির, অতিরিক্ত উপ-পরিচালক (উদ্যান) জাহাঙ্গীর আলম, উদ্ভিদ সংরক্ষণ কর্মকর্তা আলাউদ্দিন শেখ, কৃষি প্রকৌশলী সাখাওয়াত হোসেনসহ কৃষি বিভাগের বিভিন্ন কর্মকর্তা, সরকারি দপ্তরের প্রতিনিধিবৃন্দ, কৃষক, উদ্যোক্তা ও সাধারণ দর্শনার্থীরা।

মেলায় জেলার বিভিন্ন সংস্থা, নার্সারি ও উদ্যোক্তাদের অংশগ্রহণে মোট সাতটি স্টল স্থাপন করা হয়েছে। স্টলগুলোতে জেলার উৎপাদিত বিভিন্ন জাতের দেশি-বিদেশি ও বাহারি ফল প্রদর্শন করা হচ্ছে। উদ্বোধনের পর অতিথিরা স্টলগুলো ঘুরে দেখেন এবং উদ্যোক্তাদের সঙ্গে মতবিনিময় করেন।

অনুষ্ঠানে বক্তারা বলেন, মানুষের পুষ্টি চাহিদা পূরণে ফলের গুরুত্ব অপরিসীম। তাই ফলের উৎপাদন বৃদ্ধির পাশাপাশি সংরক্ষণ, প্রক্রিয়াজাতকরণ ও বাজারজাতকরণ ব্যবস্থার উন্নয়নে গুরুত্ব দিতে হবে। আধুনিক প্রযুক্তিনির্ভর ফল চাষ সম্প্রসারণের মাধ্যমে কৃষকদের আয় বৃদ্ধি এবং অর্থনৈতিক উন্নয়ন সম্ভব বলেও তারা আশাবাদ ব্যক্ত করেন।

আয়োজকরা জানান, প্রতিদিন সকাল ৯টা থেকে রাত ৮টা পর্যন্ত মেলা সকল দর্শনার্থীর জন্য উন্মুক্ত থাকবে। এ মেলার মাধ্যমে কৃষকদের মধ্যে ফল চাষের প্রতি আগ্রহ বাড়বে এবং নিরাপদ ফল উৎপাদন বিষয়ে সচেতনতা আরও জোরদার হবে বলে আশা করা হচ্ছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *