বিষ্ণুপুরে নদী ভাঙ্গন রোধে দ্রুত ব্যবস্থা গ্রহণের দাবি, শতাধিক পরিবার হুমকির মুখে

মোঃজাবেদ হোসেনঃ চাঁদপুর-৩ আসনের মাননীয় সংসদ সদস্য জনাব শেখ ফরিদ আহমেদ মানিকের কাছে ১ নং বিষ্ণুপুর ইউনিয়নের নদীভাঙন কবলিত এলাকাগুলো রক্ষায় জরুরি পদক্ষেপ গ্রহণের আহ্বান জানিয়েছেন ইউনিয়ন পরিষদ নির্বাচনে সম্ভাব্য চেয়ারম্যান পদপ্রার্থী ও সমাজসেবক মোঃ আনিছুর রহমান বেপারী।
সম্প্রতি বিষ্ণুপুর ইউনিয়নের লালপুর, কানুদী, সবজিকান্দী, মধ্যচরী, মৌলভী লঞ্চঘাট, নতুন বাজারসহ নদী তীরবর্তী বিভিন্ন এলাকা পরিদর্শন করে তিনি বলেন, নদীর অব্যাহত ভাঙনের কারণে কয়েক শতাধিক পরিবার তাদের বসতভিটা হারানোর আশঙ্কায় দিন কাটাচ্ছে। ইতোমধ্যে অনেক পরিবার নিরাপদ আশ্রয়ের খোঁজে অন্যত্র চলে যেতে বাধ্য হয়েছে।
স্থানীয়দের অভিযোগ, দীর্ঘদিন ধরে নদীভাঙন অব্যাহত থাকলেও কার্যকর ও স্থায়ী প্রতিরক্ষা ব্যবস্থা গ্রহণ করা হয়নি। ফলে প্রতি বর্ষা মৌসুমে নতুন নতুন এলাকা ভাঙনের ঝুঁকিতে পড়ছে। নদীর তীরবর্তী বসতবাড়ি, কৃষিজমি, রাস্তা ও বিভিন্ন স্থাপনা এখন হুমকির মুখে রয়েছে।
আনিছুর রহমান বেপারী বলেন, “আগুনে পুড়লে ভিটাবাড়ি থাকে, কিন্তু নদীতে ভাঙলে কিছুই থাকে না। মানুষের জীবনের সব সঞ্চয়, স্বপ্ন ও স্মৃতি মুহূর্তেই নদীগর্ভে বিলীন হয়ে যায়। আমাদের ইউনিয়নের অসংখ্য মানুষ আজ আতঙ্কে দিন কাটাচ্ছে। নদীভাঙনের কারণে প্রিয় মানুষগুলো বেঁচে থাকার আশায় দূরে দূরে চলে যাচ্ছে, যা অত্যন্ত কষ্টদায়ক।”
তিনি আরও বলেন, “লালপুর, কানুদী, সবজিকান্দী, মধ্যচরী, মৌলভী লঞ্চঘাট ও নতুন বাজার এলাকার শত শত পরিবার আজ চরম ঝুঁকির মধ্যে রয়েছে। দ্রুত জিও ব্যাগ, ব্লক স্থাপন ও স্থায়ী নদীশাসন প্রকল্প বাস্তবায়ন না হলে ব্যাপক ক্ষয়ক্ষতি হতে পারে।”
এ সময় তিনি চাঁদপুর-৩ আসনের সংসদ সদস্য শেখ ফরিদ আহমেদ মানিকের প্রতি বিশেষভাবে অনুরোধ জানিয়ে বলেন, জনগণের জানমাল রক্ষায় এবং বিষ্ণুপুর ইউনিয়নকে নদীভাঙনের হাত থেকে রক্ষা করতে দ্রুত কার্যকর ব্যবস্থা গ্রহণ করা অত্যন্ত জরুরি।
এলাকাবাসীর প্রত্যাশা, সংশ্লিষ্ট কর্তৃপক্ষ দ্রুত নদীভাঙন কবলিত এলাকাগুলো পরিদর্শন করে স্থায়ী সমাধানের উদ্যোগ গ্রহণ করবে এবং ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর নিরাপত্তা নিশ্চিত করবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *