কুমিল্লা জেলা পুলিশের মাস্টার প্যারেড অনুষ্ঠিত

মোঃ জাবেদ হোসেনঃ কুমিল্লা জেলা পুলিশের উদ্যোগে আজ সোমবার (১৫ জুন) সকাল ৯টা ৩০ মিনিটে পুলিশ লাইন্স প্যারেড গ্রাউন্ডে জেলার বিভিন্ন ইউনিটের ইনচার্জ, কর্মকর্তা ও পুলিশ সদস্যদের অংশগ্রহণে মাস্টার প্যারেড অনুষ্ঠিত হয়েছে।
প্যারেডে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে সুসজ্জিত অভিবাদন মঞ্চ থেকে সালামী গ্রহণ করেন কুমিল্লা জেলার পুলিশ সুপার মোঃ আনিসুজ্জামান, পিপিএম। সালামী গ্রহণ শেষে তিনি প্যারেড পরিদর্শন করেন এবং উপস্থিত পুলিশ সদস্যদের শৃঙ্খলা, পেশাদারিত্ব ও কর্মদক্ষতা পর্যবেক্ষণ করেন।
মাস্টার প্যারেডে প্যারেড কমান্ডারের দায়িত্ব পালন করেন সহকারী পুলিশ সুপার (সদর দক্ষিণ সার্কেল) মোস্তাইন বিল্লাহ ফেরদৌস। প্যারেডে অংশগ্রহণকারী কর্মকর্তা ও ফোর্সদের শারীরিক সক্ষমতা, ফিটনেস এবং টার্নআউট মূল্যায়নের ভিত্তিতে পুলিশ সুপার জিএস (গুড সার্ভিস) মার্ক প্রদান করেন।
প্যারেড পরিদর্শন শেষে পুলিশ সুপার সন্তোষ প্রকাশ করেন এবং জেলা পুলিশের সকল সদস্যের উদ্দেশ্যে পেশাগত দক্ষতা বৃদ্ধি, শৃঙ্খলা বজায় রাখা, জনসেবার মানোন্নয়ন এবং আইন-শৃঙ্খলা রক্ষায় সর্বোচ্চ সতর্কতা ও আন্তরিকতার সঙ্গে দায়িত্ব পালনের আহ্বান জানিয়ে দিকনির্দেশনামূলক বক্তব্য প্রদান করেন।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) পংকজ বড়ুয়া, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) সাইফুল মালিক, অতিরিক্ত পুলিশ সুপার (মুরাদনগর সার্কেল) কামরুজ্জামান, জেলা পুলিশের বিভিন্ন সার্কেলের কর্মকর্তাবৃন্দ এবং অন্যান্য ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তারা।
জেলা পুলিশের নিয়মিত প্রশিক্ষণ, শৃঙ্খলা ও পেশাগত মানোন্নয়নের অংশ হিসেবে আয়োজিত এ মাস্টার প্যারেডে কর্মকর্তা ও সদস্যদের অংশগ্রহণ ছিল উৎসাহব্যঞ্জক এবং সুশৃঙ্খল।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *