চাঁদপুরে পুলিশের সাঁড়াশি অভিযান ১১৯ পিস ইয়াবাসহ ৩ মাদক কারবারি ও ৫ পরোয়ানাভুক্ত আসামি গ্রেফতার
মোঃ জাবেদ হোসেনঃ চাঁদপুর জেলাজুড়ে মাদক ও অপরাধ দমনে পরিচালিত বিশেষ অভিযানে ১১৯ পিস ইয়াবাসহ ৩ জন মাদক কারবারি এবং বিভিন্ন মামলার ৫ জন পরোয়ানাভুক্ত আসামিকে গ্রেফতার করেছে জেলা পুলিশ। পৃথক এসব অভিযানে মোট ৮ জনকে আইনের আওতায় আনা হয়েছে।
পুলিশ সুপার মোঃ রবিউল হাসান (আইজি ব্যাজ ও শুদ্ধাচার পুরস্কারপ্রাপ্ত)-এর সার্বিক দিকনির্দেশনায় চাঁদপুর জেলা পুলিশের বিভিন্ন থানা ও জেলা গোয়েন্দা শাখা (ডিবি) গত কয়েকদিন ধরে জেলার বিভিন্ন এলাকায় এ অভিযান পরিচালনা করে।
ফরিদগঞ্জে দুই মাদক কারবারি আটক
গত ১১ জুন ফরিদগঞ্জ থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ হেলাল উদ্দিন-এর নেতৃত্বে পরিচালিত পৃথক অভিযানে দুই মাদক কারবারিকে গ্রেফতার করা হয়।
মধ্য বিষকাটালী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে রামপুর-চৌমুহনী বাজার সড়কে অভিযান চালিয়ে মোঃ মেহেদী হাসান তুহিন প্রকাশ ইলিয়াস (২৮)-কে ১৯ পিস ইয়াবাসহ আটক করা হয়। অন্যদিকে বালিথুবা পূর্ব ইউনিয়নের সোসাইরচর এলাকায় অভিযান চালিয়ে মোঃ তানভীর হোসেন (২৪)-কে ১০ পিস ইয়াবাসহ গ্রেফতার করে পুলিশ।
গ্রেফতারকৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে পৃথক মামলা দায়ের করে আদালতে পাঠানো হয়েছে।
ডিবির জালে ৯০ পিস ইয়াবাসহ এক মাদক ব্যবসায়ী
চাঁদপুর জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশের অভিযানে সদর উপজেলার শাহমাহমুদপুর ইউনিয়নের ভাটেরগাঁও এলাকা থেকে মোঃ রবিউল গাজী (২৭) নামের এক মাদক ব্যবসায়ীকে ৯০ পিস ইয়াবাসহ গ্রেফতার করা হয়।
ডিবির অফিসার ইনচার্জ মোঃ মজিবুর রহমান-এর তত্ত্বাবধানে এসআই আবু নছর নিপু সঙ্গীয় ফোর্স নিয়ে শুক্রবার রাতে এ অভিযান পরিচালনা করেন। পরে তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু করা হয়।
পরোয়ানা অভিযানে গ্রেফতার ৫
মাদকবিরোধী অভিযানের পাশাপাশি বিভিন্ন মামলার পলাতক আসামিদের ধরতে পরিচালিত পরোয়ানা অভিযানে ফরিদগঞ্জ ও শাহরাস্তি থানা পুলিশ ৫ জন আসামিকে গ্রেফতার করেছে।
ফরিদগঞ্জ থানা পুলিশ জিআর মামলার আসামি কবির প্রকাশ হুমায়ুন কবির এবং যৌতুক নিরোধ আইনের মামলার আসামি মোঃ কবির হোসেন রাঢ়ী-কে গ্রেফতার করে।
অন্যদিকে শাহরাস্তি থানা পুলিশের পৃথক অভিযানে সেকান্দর আলী, নুপুর চন্দ্র পাল এবং মোস্তফা কামাল নামে তিন পরোয়ানাভুক্ত আসামিকে আটক করে আদালতে সোপর্দ করা হয়।
মাদক ও অপরাধের বিরুদ্ধে জিরো টলারেন্স
চাঁদপুর জেলা পুলিশ জানিয়েছে, মাদকমুক্ত সমাজ গঠন, অপরাধ নিয়ন্ত্রণ এবং আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে নিয়মিত অভিযান পরিচালনা করা হচ্ছে। জেলার সর্বত্র মাদক কারবারি, সন্ত্রাসী ও বিভিন্ন মামলার পলাতক আসামিদের বিরুদ্ধে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।
পুলিশের দাবি, মাদক ও অপরাধ নির্মূলে জেলা পুলিশের চলমান অভিযান আরও জোরদার করা হবে।

