পার্বতীপুরে একটি বিদ্যালয়ে বিশ্বকাপের আমেজে ৪৮ দেশের পতাকা প্রদর্শনী

এম.ইসলাম, পার্বতীপুর (দিনাজপুর) প্রতিনিধিঃ
আসন্ন ফুটবল বিশ্বকাপকে ঘিরে দিনাজপুরের পার্বতীপুরে এক ব্যতিক্রমী আয়োজন করেছে বালিকা বিদ্যাপীঠ উচ্চ বিদ্যালয়। শিক্ষার্থীদের অংশগ্রহণে বিশ্বকাপে অংশ নেওয়া ৪৮টি দেশের জাতীয় পতাকা তৈরি ও প্রদর্শনের মাধ্যমে বিদ্যালয়টিতে উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়েছে।

বৃহস্পতিবার (১১ জুন, ২০২৬ খ্রি.) দুপুরে ঠিক ফিফা বিশ্বকাপ ২০২৬ এর উদ্বোধনী দিনে বিদ্যালয় প্রাঙ্গণে আয়োজিত এ কর্মসূচিতে পতাকা প্রদর্শনীর পাশাপাশি ক্রীড়াভিত্তিক কুইজ ও সাধারণ জ্ঞান প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। পরে শিক্ষার্থীদের হাতে তৈরি বিভিন্ন দেশের পতাকা বিদ্যালয় চত্বরে প্রদর্শনের জন্য সাজিয়ে রাখা হয়। বিদ্যালয় সূত্রে জানা যায়, বিশ্বকাপ ফুটবলে অংশগ্রহণকারী দেশগুলোর পরিচিতি, জাতীয় পতাকা এবং বিভিন্ন তথ্য সম্পর্কে শিক্ষার্থীদের ধারণা বাড়ানোর লক্ষ্যেই এ আয়োজন করা হয়। কয়েকদিনের পরিশ্রমে শিক্ষার্থীরা নিজ হাতে বিভিন্ন দেশের পতাকা তৈরি করে।

নবম শ্রেণির শিক্ষার্থী মায়ী জান্নাত বলেন, “আমি আর্জেন্টিনার সমর্থক হলেও বিশ্বকাপে অংশ নেওয়া সব দেশের পতাকা তৈরির কাজে অংশ নিয়েছি। এতে বিভিন্ন দেশের নাম ও তাদের জাতীয় পতাকার সঙ্গে পরিচিত হওয়ার সুযোগ হয়েছে।” একই শ্রেণির শিক্ষার্থী জান্নাতুল মাওয়া বলেন, “আমি ব্রাজিল দলের সমর্থক। কয়েকটি দেশের পতাকা তৈরি করেছি। তবে মেক্সিকোর পতাকা বানানো তুলনামূলকভাবে কঠিন ছিলো।” দশম শ্রেণির শিক্ষার্থী মরিয়ম খাতুন বলেন, “একসঙ্গে এতগুলো দেশের জাতীয় পতাকা আগে কখনও দেখিনি। এই আয়োজন আমাদের জন্য আনন্দদায়ক ও শিক্ষণীয় হয়েছে। ভবিষ্যতে বাংলাদেশও বিশ্বকাপ ফুটবলে অংশ নেবে-এটাই আমাদের প্রত্যাশা।”

বিদ্যালয়ের শরীরচর্চা শিক্ষক রুখসানা খাতুন জানান, পতাকা প্রদর্শনীর পাশাপাশি কুইজ প্রতিযোগিতার আয়োজন করা হয়েছে, যাতে শিক্ষার্থীরা ফুটবল বিশ্বকাপ এবং অংশগ্রহণকারী দেশগুলো সম্পর্কে আরও বেশি জানতে পারে। বিদ্যালয়ের প্রধান শিক্ষক মাহমুদুর রহমান বলেন, “শিক্ষার্থীদের সৃজনশীলতা বিকাশ এবং আন্তর্জাতিক অঙ্গনের সঙ্গে পরিচিত করার উদ্দেশ্যে এই আয়োজন করা হয়েছে। এর মাধ্যমে তারা বিভিন্ন দেশের জাতীয় পতাকা ও পরিচিতি সম্পর্কে জানতে পারছে। পাশাপাশি খেলাধুলা ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের প্রতিও তাদের আগ্রহ বৃদ্ধি পাচ্ছে।”

বিশ্বকাপকে কেন্দ্র করে বিদ্যালয়ের এই উদ্যোগ শিক্ষার্থী, অভিভাবক ও স্থানীয়দের মধ্যে ব্যাপক সাড়া ফেলেছে। ব্যতিক্রমী এই আয়োজনের মাধ্যমে শিক্ষার পাশাপাশি আন্তর্জাতিক ক্রীড়াঙ্গন সম্পর্কে শিক্ষার্থীদের জানার সুযোগ তৈরি হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *