চাঁদপুরে দায়িত্ব পালনে বিশেষ অবদানের স্বীকৃতি, পুলিশ সদস্য ও কর্মকর্তাদের পুরস্কার প্রদান
মোঃ জাবেদ হোসেনঃ চাঁদপুর জেলায় দায়িত্ব পালনে বিশেষ অবদান, পেশাদারিত্ব ও কৃতিত্বপূর্ণ কর্মসম্পাদনের স্বীকৃতিস্বরূপ নির্বাচিত পুলিশ সদস্য ও কর্মকর্তাদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়েছে। একইসঙ্গে জেলা পুলিশের মাসিক কল্যাণ সভা ও অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার চাঁদপুরের বাবুরহাট পুলিশ লাইন্স মাল্টিপারপাস শেডে আয়োজিত জেলা পুলিশের মাসিক কল্যাণ সভায় এ পুরস্কার প্রদান করা হয়। সভায় সভাপতিত্ব করেন চাঁদপুরের পুলিশ সুপার (এসপি) মো. রবিউল হাসান। সভা সঞ্চালনা করেন অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মো. খায়রুল কবীর।
কল্যাণ সভায় জেলা পুলিশের সদস্যদের কল্যাণ, কর্মপরিবেশ উন্নয়ন এবং বিভিন্ন প্রশাসনিক বিষয়ে বিস্তারিত আলোচনা করা হয়। এ সময় দায়িত্ব পালনে বিশেষ অবদান রাখা এবং কৃতিত্বপূর্ণ কর্মসম্পাদনের মাধ্যমে দৃষ্টান্ত স্থাপনকারী নির্বাচিত পুলিশ সদস্য ও কর্মকর্তাদের হাতে পুরস্কার তুলে দেন পুলিশ সুপার।
সভায় পুলিশ সদস্যদের কল্যাণ নিশ্চিতকরণে বিভিন্ন প্রয়োজনীয় সিদ্ধান্ত গ্রহণ করা হয় এবং বাহিনীর সদস্যদের পেশাগত দক্ষতা, শৃঙ্খলা ও সেবার মান বৃদ্ধির লক্ষ্যে প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করেন এসপি।
পরে পুলিশ সুপারের কার্যালয়ের সম্মেলন কক্ষে জেলা পুলিশের মাসিক অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত হয়। অতিরিক্ত পুলিশ সুপার (হাজীগঞ্জ সার্কেল) মুকুর চাকমার সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন পুলিশ সুপার মো. রবিউল হাসান।
সভায় জেলার সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি, বিভিন্ন অপরাধের প্রবণতা, অপরাধ নিয়ন্ত্রণ কার্যক্রম এবং চলমান আইনশৃঙ্খলা রক্ষার বিষয়সমূহ পর্যালোচনা করা হয়। এ সময় অপরাধ দমন, ওয়ারেন্ট তামিল কার্যক্রম জোরদার, মাদকবিরোধী অভিযান আরও বেগবান করা, জনসেবার মানোন্নয়ন এবং পেশাদারিত্বের সঙ্গে দায়িত্ব পালনের বিষয়ে সংশ্লিষ্ট কর্মকর্তাদের প্রয়োজনীয় নির্দেশনা প্রদান করেন পুলিশ সুপার।
সভায় সহকারী পুলিশ সুপার (মতলব সার্কেল) জাবীর হুসনাইন সানীব, সহকারী পুলিশ সুপার (কচুয়া সার্কেল) মো. আব্দুল হাই চৌধুরী, সহকারী পুলিশ সুপার (শিক্ষানবিশ) মাহির আসেফ, জেলার বিভিন্ন থানার অফিসার ইনচার্জ (ওসি) এবং অন্যান্য ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
জেলা পুলিশের এ আয়োজন আইন-শৃঙ্খলা রক্ষায় দায়িত্বশীল ও কৃতিত্বপূর্ণ কাজের স্বীকৃতি প্রদানের পাশাপাশি পুলিশ সদস্যদের মধ্যে কর্মোদ্দীপনা বৃদ্ধি এবং জনসেবার মান আরও উন্নত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে সংশ্লিষ্টরা মনে করছেন।

