বটিয়াঘাটায় আইন-শৃঙ্খলার চরম অবনতি, উদ্বেগ, উৎকন্ঠা, বসতবাড়িতে একের পর এক দুঃসাহসিক চুরির ঘটনা
ইমরান হোসেন, স্পেশাল ক্রসপন্ডেন্ট, খুলনা:
খুলনার বটিয়াঘাটা উপজেলায় আইন-শৃঙ্খলার চরম অবনতি, সক্রীয় দুঃসাহসিক চোর বাহীনি। প্রতিনিয়ত বেড়েই চলেছে চুরির ঘটনা। আইন শৃঙ্খলার চরম অবনতিতে সাধারণ মানুষের মধ্যে চরম উদ্বেগ, উৎকন্ঠা ও আতংক বিরাজ করছে। একের পর এক চুরি ও অপরাধমূলক কর্মকাণ্ডের ঘটনায় এলাকাবাসী নিজেদের নিরাপত্তা নিয়ে শঙ্কিত হয়ে পড়েছেন।
সম্প্রতি উপজেলার প্রাণিসম্পদ অফিস এর সামনে রাস্তার সঙ্গে লাগোয়া বটিয়াঘাটা প্রেসক্লাবের যুগ্ম সম্পাদক, সাংবাদিক সেখ রাসেল এর বসতবাড়ির নিচতলার ৩টি তালা ভেঙ্গে সংঘটিত দুঃসাহসিক চুরির ঘটনায় স্থানীয়দের মধ্যে ব্যাপক ক্ষোভের সৃষ্টি করেছে। দুর্বৃত্তরা ঘরে প্রবেশ করে এলইডি টিভি, ওয়াই-ফাই রাউটার, ২ আনা স্বর্ণের কানের দুল, ১ আনা টিকলী, রাইস কুকার, ইলেকট্রনিক্স যন্ত্রপাতি সহ বিভিন্ন মূল্যবান মালামাল চুরি করে নিয়ে যায়। শুধু তাই নয়, ঘরের আসবাবপত্রও তছনছ করে ফেলে রেখে যায় বলে অভিযোগ পাওয়া গেছে।
স্থানীয়দের দাবি, অপরাধীরা দিন দিন আরও বেপরোয়া হয়ে উঠছে। রাতে মানুষের ঘুম হারাম হয়ে গেছে। আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর টহল ও নজরদারি জোরদার না হলে পরিস্থিতি আরও ভয়াবহ আকার ধারণ করতে পারে বলে আশঙ্কা করছেন তারা।
তাছাড়া এ পর্যন্ত যতগুলি চুরির ঘটনা ঘটায় বটিয়াঘাটা প্রশাসন বার বার আশ্বাস দিয়েও চোরে চক্রের কাউকে ধরতে বা অপরাধীদের ধরতে ব্যর্থ হয়েছে। জন মানুষের ভাষ্য তারা শুধুমাত্র আশ্বাস দিয়ে দিন পার করলেও কোন চোরকে সনাক্ত করতে ব্যর্থ হয়েছে।
এলাকাবাসী অবিলম্বে চুরির ঘটনায় জড়িতদের গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন। একই সঙ্গে উপজেলার সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতির উন্নয়নে প্রশাসনের কার্যকর পদক্ষেপ গ্রহণেরও জোর দাবি জানিয়েছেন সচেতন মহল।
“অপরাধীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা না নিলে সাধারণ মানুষের জানমাল রক্ষা করা কঠিন হয়ে পড়বে”—এমন মন্তব্য করেছেন স্থানীয় বাসিন্দারা।

