পিরোজপুরে জামায়াতের রুকন সম্মেলন: স্থানীয় সরকার নির্বাচনে অংশ নেওয়ার ঘোষণা মিয়া গোলাম পরওয়ারের
মোঃ মনিরুল ইসলাম চৌধুরী, পিরোজপুরঃ
বাংলাদেশ জামায়াতে ইসলামীর পিরোজপুর জেলা শাখার উদ্যোগে রুকন সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২৩ মে) দুপুরে স্থানীয় পিরোজপুর কনভেনশন সেন্টারে আয়োজিত এ সম্মেলনে জেলার বিভিন্ন উপজেলা ও পৌর শাখার নেতাকর্মীরা অংশগ্রহণ করেন।”মানবতার সেবা ও দেশ পরিচালনার যোগ্যতা অর্জনের মাধ্যমে আল্লাহর সন্তুষ্টি লাভ”—এই ভিশনকে সামনে রেখে আয়োজিত সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মিয়া গোলাম পরওয়ার।
জেলা জামায়াতের আমীর অধ্যক্ষ তাফাজ্জল হোসাইন ফরিদের সভাপতিত্বে এবং সেক্রেটারি অধ্যক্ষ জহিরুল হকের সঞ্চালনায় অনুষ্ঠিত সম্মেলনে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অ্যাডভোকেট মুয়াযযম হোসাইন হেলাল, ড. শফিকুল ইসলাম মাসুদ, মাওলানা মশিউর রহমান এবং মাওলানা এ কে এম ফখরুদ্দিন খান।
প্রধান অতিথির বক্তব্যে মিয়া গোলাম পরওয়ার বলেন, জনগণকে বোঝাতে হবে সরকার গণভোট ও জুলাই সনদ নিয়ে জনগণের সঙ্গে করা ওয়াদা ভঙ্গ করেছে। তিনি অভিযোগ করে বলেন, সরকারের মাত্র দু’মাসের মধ্যেই লুটপাট, চাঁদাবাজি, চাল-গম ও কার্ড বিতরণে অনিয়ম এবং দলাদলি শুরু হয়েছে। পাশাপাশি চাঁদাবাজি ও শিশু ধর্ষণসহ নানা ঘটনায় সাধারণ মানুষ অতিষ্ঠ হয়ে পড়েছে বলেও মন্তব্য করেন তিনি।তিনি বলেন, “লোকজন এখনই ভুয়া ভুয়া স্লোগান দেওয়া শুরু করেছে। ভবিষ্যতে কী হবে, জনগণের তাদের জন্য দোয়া করা ও মায়া করা ছাড়া কিছু করার থাকবে না।”
মিয়া গোলাম পরওয়ার আরও বলেন, সামনে স্থানীয় সরকার নির্বাচন অনুষ্ঠিত হবে এবং জামায়াতে ইসলামী ইনশাআল্লাহ সব নির্বাচনে অংশ নেবে। জনগণের আশা-আকাঙ্ক্ষার প্রতিফলন ঘটাতে গণভোটের গণরায় বাস্তবায়নের দাবিতে আন্দোলন জোরদার করতে ১১ দলের পক্ষ থেকে নেতাকর্মীদের প্রতি আহ্বান জানান তিনি।
সরকারের উদ্দেশে তিনি বলেন, “বিগত নির্বাচনের মতো কোনো ইঞ্জিনিয়ারিং বা ভয়ভীতি এবার মেনে নেওয়া হবে না।”
সম্মেলনে জেলার বিভিন্ন উপজেলা ও পৌর শাখার নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

