শেরপুরের নকলায় উপজেলা আইন-শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত
জাহাঙ্গীর হোসেন, শেরপুর : শেরপুরের নকলায় উপজেলা আইন-শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে।
২৮ এপ্রিল মঙলবার সকালে উপজেলা পরিষদ হলরুমে ওই সভা হয়। সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. জাহাঙ্গীর আলম।
বক্তব্য দেন নকলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রিপন চন্দ্র গোপ, উপজেলা বিএনপির সদ্য সাবেক আহবায়ক খোরশেদুর রহমান, উপজেলা জামায়াতে ইসলামীর আমির গোলাম সারোয়ার, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মোহাম্মদ গোলাম মোস্তফা, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা নাসরিন জাহান, চৌধুরী ছবরুন নেছা মহিলা কলেজের অধ্যক্ষ মো. মোজাম্মেল হক, ধুকুরিয়া এ-জেড টেকনিক্যাল অ্যান্ড বিএম কলেজের অধ্যক্ষ মোহাম্মদ রেজাউল আলম, উপজেলা সহকারী শিক্ষা কর্মকর্তা গোলাম রব্বানী, ইউপি চেয়ারম্যান মহিউদ্দিন বুলবুল প্রমুখ।
সভায় চলমান পাবলিক পরীক্ষা, তেলের পাম্পে পেট্রোল, অকটেন ও ডিজেল বিতরণ, পৌরশহরে পাবলিক টয়লেট স্থাপন, রাতের বেলা দেয়াল টপকে নকলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও নকলা সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ে মাদক সেবন,
বাল্যবিবাহ, নারী ও শিশু নির্যাতন, নকলা শিল্পকলা একাডেমী ও উপজেলা পরিষদের ভিতরে অবস্থিত পাবলিক লাইব্রেরীর কার্যক্রম সচলকরণ, বাজার পাহারা ও ব্যবসায়ীদের দোকানপাটের নিরাপত্তা, প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের ফিডিং কর্মসূচি ও প্রান্তিক পরীক্ষার প্রশ্নপত্র তৈরি, গ্রাম আদালত এবং সাংবাদিকদের বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনসহ উপজেলার সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে বিস্তারিত আলোচনা ও গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গৃহীত হয়।
সভায় প্রশাসনের কর্মকর্তা, জনপ্রতিনিধি, রাজনৈতিক ব্যক্তিবর্গ, শিক্ষা প্রতিষ্ঠান প্রধানসহ স্থানীয় সাংবাদিকরা উপস্থিত ছিলেন।

