পিরোজপুরে পারিবারিক বিরোধে রক্তাক্ত বীর মুক্তিযোদ্ধা
মোঃ মনিরুল ইসলাম চৌধুরী,স্টাফ রিপোর্টার,পিরোজপুরঃ
পিরোজপুরে পারিবারিক বিরোধের জেরে বীর মুক্তিযোদ্ধা হায়দার আলী খান (৭৫)-এর ওপর হামলার ঘটনা ঘটেছে। গুরুতর আহত অবস্থায় তিনি বর্তমানে পিরোজপুর জেলা হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
জানা গেছে, গত রবিবার (২৯ মার্চ) রাত সাড়ে ৯টার দিকে জেলা হাসপাতালের সামনে ঔষধ কিনতে গেলে তার ওপর অতর্কিত হামলা চালানো হয়। আহত হায়দার আলী খান অভিযোগ করেন, তার সৎ ভাইয়ের ছেলে মোঃ মহাসিন খানসহ কয়েকজন মিলে এ হামলা চালায়। অভিযুক্তদের মধ্যে মহাসিন খানের স্ত্রী মরিয়ম আক্তার, কন্যা সুমনা আক্তার সুমি এবং আরও এক অজ্ঞাত ব্যক্তির নামও উল্লেখ করেন তিনি।তিনি আরও জানান, দীর্ঘদিন ধরে চলমান জমিজমা সংক্রান্ত বিরোধের জের ধরেই এ হামলার ঘটনা ঘটেছে। একই সঙ্গে তিনি অভিযোগ করেন, প্রায় এক বছর আগে একই পক্ষ তার বিরুদ্ধে একটি মিথ্যা মামলা দায়ের করে তাকে হয়রানি করেছিল।এ ঘটনায় ক্ষোভ প্রকাশ করে বীর মুক্তিযোদ্ধা হায়দার আলী খান বলেন,
“আমি একজন রণাঙ্গনের বীর মুক্তিযোদ্ধা এবং রাষ্ট্রীয় ভাতা প্রাপ্ত। স্বাধীন দেশে জীবনের শেষ বয়সে এভাবে রক্তাক্ত হওয়ার বিচার আমি রাষ্ট্রের কাছে চাই।ঘটনার পর ভুক্তভোগীর ছেলে জসিমউদ্দীন খান পিরোজপুর সদর থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন।পিরোজপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ মাহমুদ হোসেন জানান, একজন বীর মুক্তিযোদ্ধার ওপর হামলার অভিযোগ পেয়েছি। বিষয়টি গুরুত্বের সঙ্গে তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।অন্যদিকে, অভিযুক্তদের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও তাদের পাওয়া যায়নি।
এদিকে, হামলার খবর পেয়ে পিরোজপুর সদর উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডের প্রতিনিধিরা হাসপাতালে গিয়ে আহত মুক্তিযোদ্ধার খোঁজখবর নেন। তারা জানান, হায়দার আলী খান সুস্থ হয়ে উঠলে ঘটনার সুষ্ঠু তদন্ত ও ন্যায়বিচার নিশ্চিত করতে মুক্তিযোদ্ধা সংসদের পক্ষ থেকে সর্বোচ্চ সহায়তা প্রদান করা।

