সরকারের ভুল-ত্রুটি ধরিয়ে দেয়া বিরোধী দলের কাজ: পানিসম্পদ মন্ত্রী

সেখ রাসেল, দপ্তর সম্পাদক:
পানিসম্পদ মন্ত্রী শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি বলেছেন, বিরোধী দলের কাজ হওয়া উচিত সরকারের ভালো কাজগুলোকে সমর্থন করা, সমালোচনা না করে সরকারের ভুল-ত্রুটি ধরিয়ে দেওয়া এবং প্রয়োজনমতো সহযোগিতা করা।
বৃহস্পতিবার (১৯ মার্চ) লক্ষ্মীপুর কালেক্টরেট স্কুল মাঠে, লক্ষ্মীপুর জেলা বিএনপির গুম, খুন ও জুলাই আন্দোলনে শহীদ ও আহতদের সম্মানে আয়োজিত ইফতার মাহফিলে প্রধান অতিথির বক্তৃতায় পানিসম্পদ মন্ত্রী ও বিএনপির যুগ্ম-মহাসচিব শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি বক্তব্য কালে এসব কথা বলেন।
এ্যানি আরও বলেন, আমরা নির্বাচন করেছি, এমপি হিসেবে শপথ নিয়েছি। কখনো জুলাই সনদ পাঠ করার মাধ্যমে শপথ নিতে হবে, এসব আলোচনা কখনো ছিল না এবং হয়নি। জুলাই সনদ নিয়ে যে বিতর্ক হয়েছে, তা তেমন কঠিন নয়। এটি সংসদে প্রথম দিন ঘোষণা করা হয় এবং পরের দিন আলোচনা করা হয়। আলোচনার মাধ্যমে অনেকটা সমাধান হয়। এরপর সংবিধানের মধ্যে কার্যকারিতা শুরু হয়, হ্যাঁ বা না ভোটের মাধ্যমে।
তিনি বলেন, বর্তমানে খাল খননের কাজ চলমান রয়েছে। আমরা ইতোমধ্যে ১৮০ দিনের খাল খনন সম্পন্ন করেছি এবং আগামী ৫ বছরে ২০ হাজার কিলোমিটার খাল খননের কাজ শেষ হবে। আমরা এক মাস পার করেছি, তাই আমাদের আরও ধৈর্য ধরতে হবে। এই ধৈর্য সরকারি দলকে যেমন ধরতে হবে, তেমনি বিরোধী দলকেও ধরতে হবে। সিডেন্ট জিয়াউর রহমান তার জীবদ্দশায় এ কর্মসূচি হাতে নিয়েছিলেন এবং সে সময় খাল খননের সুফল পেয়েছি। ফলে উৎপাদন দ্বিগুণ হয়েছে, মাছের চাষ বৃদ্ধি পেয়েছে। সবকিছু মিলে আমরা এলাকাটাকে স্বনির্ভর হিসেবে গড়তে সক্ষম হয়েছি। জিয়াউর রহমানের যে কর্মসূচি, সে কর্মসূচি প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্ব এগিয়ে নিয়ে যাবো। এতে করে মানুষ সুবিধা ভোগ করবে। প্রধানমন্ত্রী তারেক রহমান ছুটির দিনেও অফিস করছেন। এর আগে কোনো প্রধানমন্ত্রী এইভাবে কাজ করেনি। যেটা এখন প্রধানমন্ত্রী তারেক রহমান করে যাচ্ছেন।

এসময় উপস্থিত ছিলেন, জেলা বিএনপির সদস্য সচিব ও জেলা পরিষদের প্রশাসক সাহাব উদ্দিন সাবু, যুগ্ম আহ্বায়ক এড. হাছিবুর রহমান, বাংলাদেশ ফুটবল ফেডারেশনের সহ-সভাপতি ওয়াহিদ উদ্দীন চৌধুরী হ্যাপী, জেলা জামায়াতের আমির মাস্টার রুহুল আমিন ভুঁইয়া ও সেক্রেটারি এআর হাফিজ উল্যাহ, পৌর বিএনপির সভাপতি রেজাউল করিম, সাধারণ সম্পাদক অধ্যাপক নিজাম উদ্দিন, জেলা যুবদলের সভাপতি আবদুল আলীম হুমায়ন, সাধারণ সম্পাদক রশিদুল হাসান লিংকন, জেলা ছাত্রদলের সভাপতি হাসান মাহমুদ ইব্রাহিম ও সাধারণ সম্পাদক আবদুল্লাহ আল মামুনসহ সমাজের বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *