খুবির কেন্দ্রীয় মাঠে ঈদ জামাতের ব্যাপক প্রস্তুতি, নারীদের জন্য থাকছে বিশেষ ব্যবস্থা
এম এ জলিল বিভাগীয় প্রতিনিধি খুলনা
খুলনা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মাঠে দ্বিতীয়বারের মতো পবিত্র ঈদুল ফিতরের জামাত আয়োজন করা হয়েছে। আগামীকাল ২১ মার্চ (শনিবার) সকাল ৭টা ৩০ মিনিটে অনুষ্ঠিতব্য এ জামাতে এবার প্রথমবারের মতো নারীদের জন্য প্যান্ডেলের পাশেই পৃথক নামাজের ব্যবস্থা রাখা হয়েছে। তবে আবহাওয়া প্রতিকূল থাকলে একই সময়ে জামাত বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় জামে মসজিদে অনুষ্ঠিত হবে।
ঈদ জামাতকে ঘিরে খুলনা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মাঠকে উপযোগী করে তুলতে ইতোমধ্যে সব প্রস্তুতি শেষ হয়েছে। মাঠ পরিষ্কার-পরিচ্ছন্ন করে নির্দিষ্ট স্থানে প্যান্ডেল তৈরি করা হয়েছে। মাঠজুড়ে ‘ঈদ মুবারক’ লেখা সম্বলিত ব্যানার-পতাকা টাঙানো হয়েছে। পাশাপাশি খুলনাবাসীকে অবহিত করতে নেওয়া হয়েছে প্রচার-প্রচারণার উদ্যোগ। খুলনা বিশ্ববিদ্যালয় পরিবারসহ নগরবাসী যাতে স্বাচ্ছন্দ্য ও নিরাপত্তার সঙ্গে জামাতে অংশ নিতে পারেন, সে লক্ষ্যে সার্বিক প্রস্তুতি নিশ্চিত করা হয়েছে।
এদিকে আজ ২০ মার্চ (শুক্রবার) সকালে সরেজমিনে কেন্দ্রীয় মাঠ পরিদর্শন করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মোঃ রেজাউল করিম। এ সময় তিনি মসজিদ কমিটি ও সংশ্লিষ্টদের কাছ থেকে প্রস্তুতির সর্বশেষ অবস্থা সম্পর্কে অবহিত হন। নির্ধারিত সময়ের মধ্যে কাজ সম্পন্ন করার নির্দেশনা দিয়ে তিনি শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা-কর্মচারীসহ খুলনাবাসীকে এ জামাতে অংশ নেওয়ার আহ্বান জানান। বিশেষ করে নারীদের জন্য পৃথক ব্যবস্থার কথা উল্লেখ করে তাদেরও শরিক হওয়ার আমন্ত্রণ জানান।
পরিদর্শনকালে বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) প্রফেসর ড. এস এম মাহবুবুর রহমান, ছাত্র বিষয়ক পরিচালক প্রফেসর ড. মোঃ নাজমুস সাদাত, মসজিদ কমিটির সভাপতি ও খান বাহাদুর আহছানউল্লাহ হলের প্রভোস্ট প্রফেসর শরিফ মোহাম্মদ খান, কেন্দ্রীয় জামে মসজিদের সিনিয়র পেশ ইমাম মুফতি আব্দুল কুদ্দুুসসহ সংশ্লিষ্ট কর্মকর্তা-কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন।

