পিরোজপুরে অসহায়দের মাঝে ঈদ উপহার বিতরণ ও আলোচনা সভা
মোঃ মনিরুল ইসলাম চৌধুরী,স্টাফ রিপোর্টার, পিরোজপুরঃ
পিরোজপুর সদর উপজেলায় পবিত্র ঈদুল ফিতর-২০২৬ উপলক্ষে প্রধানমন্ত্রীর ত্রাণ ও কল্যাণ তহবিল থেকে অসহায় ও দুস্থদের মাঝে নগদ অর্থ, শাড়ি, ঢেউটিন ও যাকাত ফান্ডের অর্থ বিতরণ করা হয়েছে।শুক্রবার (২০ মার্চ) সকালে সদর উপজেলা পরিষদের আয়োজনে শহীদ ওমর ফারুক মিলনায়তনে এ উপলক্ষে এক আলোচনা সভা ও উপহার বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পিরোজপুর-১ আসনের সংসদ সদস্য আলহাজ্ব মাসুদ সাঈদী। সভাপতিত্ব করেন সদর উপজেলা নির্বাহী অফিসার মোঃ মামুনুর রশীদ এবং সঞ্চালনায় ছিলেন উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মানস কুমার দাস।অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা বিএনপির সদস্য সচিব এস এম সাইদুল ইসলাম কিসমত, জেলা জামায়াতের সেক্রেটারি মোঃ জহিরুল হক, সদর থানার অফিসার ইনচার্জ মোঃ মাহমুদ হাসান।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন জেলা জামায়াতের সহকারী সেক্রেটারি মাওলানা শেখ আব্দুর রাজ্জাক, পিরোজপুর সাংবাদিক ইউনিয়নের সাধারণ সম্পাদক মোঃ নাঈম হোসেন তালুকদার, যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ মনিরুল ইসলাম চৌধুরী,সাংবাদিক মোঃ নুর উদ্দিন সহ রাজনৈতিক নেতৃবৃন্দ, গন্যমান্য ব্যক্তিবর্গ ও উপজেলা পরিষদের কর্মকর্তা-কর্মচারীবৃন্দ।
অনুষ্ঠানে ৫’শ অসহায় পরিবারকে ১ হাজার টাকা করে নগদ অর্থ, ৩’শ অসহায় নারীকে শাড়ি এবং ১৯টি পরিবারকে ঢেউটিন প্রদান করা হয়।
প্রধান অতিথির বক্তব্যে আলহাজ্ব মাসুদ সাঈদী বলেন, রাজনৈতিক মতপার্থক্য থাকলেও এলাকার উন্নয়ন ও মানুষের কল্যাণে সবাইকে একসাথে কাজ করতে হবে। তিনি আরও বলেন, এ ধরনের মানবিক সহায়তা কার্যক্রম সমাজের অসহায় মানুষের মুখে হাসি ফোটায় এবং ঈদের আনন্দ সবার মাঝে ছড়িয়ে দেয়। পাশাপাশি তিনি সকলকে ঐক্যবদ্ধ হয়ে পিরোজপুরের সার্বিক উন্নয়নে ভূমিকা রাখার আহ্বান জানান।

